ব্রাজিলীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান এমব্রায়ারের কাছ থেকে ২০টি সি-৩৯০ মিলিটারি কার্গো বিমান কেনার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
গতকাল সোমবার আবুধাবিতে অনুষ্ঠিত ‘মেক ইট ইন দ্য এমিরেটস ২০২৬’ প্ল্যাটফর্মে এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়।
রয়টার্সের তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে আরব আমিরাত প্রথম দেশ হিসেবে এই বহুমুখী সামরিক পরিবহন বিমানটি বেছে নিয়েছে।
চুক্তি অনুযায়ী, শুরুতে ১০টি বিমান নিশ্চিতভাবে সরবরাহ করা হবে এবং পরবর্তী সময়ে আরো ১০টি বিমান কেনার সুযোগ রাখা হয়েছে। প্রায় ১০০ কোটি মার্কিন ডলার দামের এই চুক্তি এমব্রায়ারের জন্য একটি বড় মাইলফলক।
এমব্রায়ারের প্রতিরক্ষা ও নিরাপত্তা ইউনিটের প্রধান বস্কো দা কস্তা জুনিয়র বলেন, ‘আমাদের জন্য মধ্যপ্রাচ্য একটি কৌশলগত অঞ্চল।’
এই চুক্তির মাধ্যমে ওই অঞ্চলে এমব্রায়ারের প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির নতুন পথ উন্মোচিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আরব আমিরাত বর্তমানে তাদের আকাশপথে মালামাল পরিবহনের জন্য মার্কিন প্রতিষ্ঠান লকহিড মার্টিনের তৈরি সি-১৩০ এবং বোয়িংয়ের সি-১৭ ব্যবহার করছে। নতুন যুক্ত হওয়া সি-৩৯০ বিমানগুলো দেশটির প্রতিরক্ষা সক্ষমতা আরো বাড়াবে। একই সঙ্গে এই চুক্তির আওতায় আমিরাতের স্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে মিলে রক্ষণাবেক্ষণ ও প্রশিক্ষণের সুবিধাও তৈরি করা হবে।
সূত্র: আলজাজিরা
এএম