গাজা উপত্যকায় ইসরাইলি গণহত্যায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৭৪ হাজার ২২৯ জনে দাঁড়িয়েছে। একই সময়ে আহত হয়েছেন আরো ১ লাখ ৭৫ হাজার ১৮৮ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের সর্বশেষ ২৪ ঘণ্টার হিসাব অনুযায়ী, ইসরাইলি হামলায় আরো সাতজন নিহত হয়েছেন। তাদের মধ্যে দুজন আগে আহত অবস্থায় চিকিৎসাধীন ছিলেন এবং পরে মারা যান। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচ থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। একই সময়ে আহত হয়েছেন আরো ২০ জন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৪ সালের অক্টোবর থেকে ঘোষিত যুদ্ধবিরতির পরও প্রাণহানি থামেনি। ওই সময় থেকে এখন পর্যন্ত ১ হাজার ৪৪৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৫ হাজার ৫২ জন। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচ থেকে ৮৩৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার গাজায় একটি আবাসিক ভবনের ধ্বংসস্তূপ থেকে ১০৫ জনের লাশ উদ্ধারের পর বড় ধরনের জানাজা অনুষ্ঠিত হয়েছে। প্রায় তিন বছর আগে ইসরাইলি বিমান হামলায় ওই আবাসিক ভবনটি ধ্বংস হয়েছিল।
দীর্ঘ সময় পর ধ্বংসস্তূপ সরিয়ে লাশগুলো উদ্ধারের ঘটনায় গাজায় আবারো শোকের পরিবেশ তৈরি হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ইসরাইলি হামলা শুরুর পর থেকে উপত্যকাটিতে নিহত ও আহতের সংখ্যা ক্রমেই বাড়ছে।
সূত্র: আল জাজিরা
এআরবি