ফিলিস্তিনিদের ওপর নজরদারি ও তাদের পরিচয় শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির ব্যবহার আরো বিস্তৃত করেছে ইসরাইলি সেনাবাহিনী। এ উদ্দেশ্যে প্রায় ৩৫ লাখ ফিলিস্তিনির ছবি যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের ক্লাউড প্ল্যাটফর্মে সংরক্ষণ করা হয়েছে। এসব ছবি ব্যবহার করে মুখ শনাক্তকরণ ও বিশ্লেষণের কাজ করছে ইসরাইলি বাহিনী।
ফাঁস হওয়া নথি এবং ইসরাইলি সামরিক সূত্রের বরাত দিয়ে বলা হয়, ২০২৪ সালের শুরুর দিকে ছবিগুলো তেল আবিবের কাছে অ্যামাজনের একটি ডেটা সেন্টারে স্থানান্তর করা হয়। ‘রোলিং স্টোন’ নামে পরিচিত ইসরাইলি সামরিক বাহিনীর একটি বিভাগ ফিলিস্তিনিদের ছবি ও তথ্যের বিশাল ডেটাবেইস পরিচালনা করে। গাজা ও অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিদের ওপর নজরদারির জন্য এসব তথ্য ব্যবহার করা হয়। ছবিগুলো বিশ্লেষণ ও মুখ শনাক্ত করতে অ্যামাজনের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবা ‘রিকগনিশন’ ব্যবহারের পরিকল্পনার কথাও প্রতিষ্ঠানটিকে জানিয়েছিল ওই সামরিক বিভাগ।
২০২৩ সালের অক্টোবরে গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে ইসরাইলি সেনারা সামরিক চেকপোস্ট অতিক্রমকারী বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের নিয়মিত ছবি তুলত। পরে এসব ছবির সঙ্গে সামরিক বাহিনীর সংরক্ষিত তথ্যভান্ডারের মিলিয়ে ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা হতো। পাশাপাশি হামাস ও ইসলামিক জিহাদের মতো প্রতিরোধ সংগঠনের সন্দেহভাজন সদস্যদের চিহ্নিত করার কাজেও প্রযুক্তিটি ব্যবহার করা হয়েছে।
২০২১ সালে অ্যামাজন ও গুগলের সঙ্গে স্বাক্ষরিত ‘প্রজেক্ট নিম্বাস’ নামের বহু বিলিয়ন ডলারের ক্লাউড কম্পিউটিং চুক্তির আওতায় ইসরাইল সংবেদনশীল গোয়েন্দা তথ্য ও সামরিক উপাত্ত অ্যামাজন ওয়েব সার্ভিসেসে (এডব্লিউএস) স্থানান্তর করেছে।
গাজায় এআই ব্যবহারের আগের অভিযোগ
ফিলিস্তিনিদের শনাক্ত ও সামরিক অভিযানে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে ইসরাইলের বিরুদ্ধে এর আগেও গুরুতর অভিযোগ উঠেছে। ২০২৪ সালের এপ্রিলে ইসরাইলি সংবাদমাধ্যম +৯৭২ ম্যাগাজিন ও লোকাল কলের অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছিল, ‘ল্যাভেন্ডার’ নামের একটি এআই ব্যবস্থা ব্যবহার করে গাজায় বিমান হামলার সম্ভাব্য লক্ষ্য হিসেবে ৩৭ হাজার পর্যন্ত ফিলিস্তিনিকে চিহ্নিত করেছিল ইসরাইলি সেনাবাহিনী।
ইসরাইলি গোয়েন্দা কর্মকর্তাদের উদ্ধৃত করে ওই প্রতিবেদনে বলা হয়, সন্দেহভাজন নিম্নপর্যায়ের সদস্যদের ওপর হামলার অনুমোদনও দিয়েছিলেন সামরিক কমান্ডাররা। এমনকি কোনো হামলায় ১৫ থেকে ২০ জন বেসামরিক নাগরিকের প্রাণহানির আশঙ্কা থাকলেও তা অনুমোদন করা হয়েছিল বলে অভিযোগ করা হয়।
এ ছাড়া ‘হোয়্যারস ড্যাডি?’ নামে আরেকটি ব্যবস্থা ব্যবহার করে সন্দেহভাজন প্রতিরোধ যোদ্ধাদের অবস্থান শনাক্ত এবং তাদের বাড়ি পর্যন্ত অনুসরণ করা হতো। এসব বাড়িতে হামলার ঘটনায় পরিবারের অন্য সদস্যদেরও প্রাণহানির অভিযোগ রয়েছে।
২০২৪ সালের মার্চে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছিল, গাজায় ইসরাইলের ব্যবহৃত মুখ শনাক্তকরণ প্রযুক্তি অনেক সময় বেসামরিক নাগরিকদের ভুলভাবে শনাক্ত করেছে। এর ফলে নিরপরাধ ফিলিস্তিনিদের আটক করার ঘটনাও ঘটেছে। ইসরাইলের সামরিক নজরদারিতে বেসামরিক মানুষের ব্যক্তিগত ছবি ও তথ্য ব্যবহারের ব্যাপকতা এবং প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ক্লাউড সেবার ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
সূত্র: নিউইয়র্ক টাইমস ও ডেইলি সাবাহ