হরমুজ প্রণালি দিয়ে ইরানের অনুমতি ছাড়া চলাচলের সময় নৌমাইনের আঘাতে তিনটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
আইআরজিসির দাবি, ট্যাংকারগুলো ইরানের অনুমতি ছাড়াই প্রণালিটি অতিক্রম করছিল। এ সময় দক্ষিণ অংশ দিয়ে চলাচলের সময় জাহাজগুলোর অবস্থান শনাক্ত করার প্রযুক্তি বা জিওলোকেশন ট্র্যাকিং ব্যবস্থা বন্ধ রাখা হয়েছিল। একপর্যায়ে সেগুলো নৌমাইনের সংস্পর্শে এলে বিস্ফোরণের ঘটনা ঘটে।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে চলাচলের ক্ষেত্রে ইরানের অনুমতি নেওয়ার বিষয়ে দেশটি বারবার সতর্কবার্তা দিয়ে আসছে। বিশেষ করে অনুমোদন ছাড়া এই জলপথ ব্যবহার না করার বিষয়ে বিভিন্ন সময়ে হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি। আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যে এই জলপথের বিশেষ গুরুত্ব রয়েছে। ফলে সেখানে জাহাজ চলাচলকে কেন্দ্র করে যেকোনো নিরাপত্তা পরিস্থিতি আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও সামুদ্রিক বাণিজ্যে প্রভাব ফেলতে পারে।
তবে তিনটি ট্যাংকারের নাম, কোন দেশের মালিকানাধীন এবং বিস্ফোরণের ঘটনায় হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানায়নি আইআরজিসি।
সূত্র: আল জাজিরা
এআরবি