গাজা সিটির পশ্চিমাঞ্চলে একটি আবাসিক অ্যাপার্টমেন্টে ইসরাইলি বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো ছয়জন।
আল-শিফা হাসপাতালের চিকিৎসাকর্মীরা এ তথ্য জানিয়েছেন।
আল-জাজিরার প্রতিবেদক হানি আল-শায়ের খান ইউনিস থেকে জানান, শনিবার ভোরে কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই গাজা সিটির রিমাল এলাকার আল-আসালা ভবনে হামলাটি চালানো হয়।
রিমাল গাজা সিটির অন্যতম ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা। সেখানে হাজারো বাস্তুচ্যুত মানুষ অস্থায়ী তাঁবু ও শিবিরে আশ্রয় নিয়ে আছেন।
আল-শায়ের বলেন, হামলাটি গভীর রাতে চালানো হয়। তখন বাসিন্দারা ঘুমিয়ে ছিলেন।
তিনি বলেন, ‘আমরা যুদ্ধবিমানগুলোর শব্দ ক্রমেই জোরে শুনতে পাই। এরপর তিনটি হামলা হয়। এতে অ্যাপার্টমেন্টটিতে থাকা মানুষজন নিহত হন।’
হামলায় লক্ষ্যবস্তু করা অ্যাপার্টমেন্টটি ভেদ করে নিচের তলাগুলোতেও ধ্বংসযজ্ঞ চালায় বিস্ফোরণ। এতে বহুতল ভবনটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়।
ফিলিস্তিনি বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর কর্মীরা আগুন নেভানোর আগে অন্তত এক ঘণ্টা আগুন জ্বলতে থাকে। ঘটনাস্থলের পরিস্থিতিকে ‘ভয়াবহ’ বলে বর্ণনা করেন আল-শায়ের।
তিনি বলেন, বাসিন্দারা ঘুমিয়ে থাকা অবস্থায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন।
নিখোঁজ মানুষ ও লাশের সন্ধানে বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর কর্মীরা তখনও ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছিলেন। এ সময় এলাকায় ইসরাইলি ড্রোন উড়তে দেখা যায়। গাজাজুড়ে নিচু দিয়ে যুদ্ধবিমান উড়ে যাওয়ার শব্দও শোনা যাচ্ছিল বলে জানান আল-শায়ের।
আল-শিফা হাসপাতাল জানিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে চারজন নারী রয়েছেন। তাদের মধ্যে একজন বয়স্ক খ্রিষ্টান নারী ও তার মেয়ে রয়েছেন।
আহত ছয়জনকে চিকিৎসার জন্য আল-শিফা হাসপাতালে নেওয়া হয়েছে।
এএম