গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারির দুই বছর পূর্ণ হতে যাচ্ছে। এ অবস্থায় ইসরাইলের পরবর্তী সরকার গঠনের রাজনৈতিক দর-কষাকষিতে নেতানিয়াহুকে বিচারের মুখোমুখি হওয়া থেকে রেহাই দেওয়ার কোনো সুযোগ থাকবে না বলে আশা করছেন ডাঃ এগেমেন বাগিস।
মিডল ইস্ট মনিটরের এক বিশ্লেষণধর্মী নিবন্ধে বাগিস বলেছেন, ২০২৪ সালের ২১ নভেম্বর নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। গাজায় সংঘটিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এ পরোয়ানা জারি করা হয়। এদিকে, দুই বছর পর ইসরাইলের রাজনৈতিক নেতারা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি ভোট নিশ্চিত করতে দর-কষাকষি করছেন। তবে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের বিনিময়ে নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী হিসাবে নেওয়া সিদ্ধান্তগুলির জবাবদিহি থেকে সুরক্ষা দেওয়ার মতো কোনো সমঝোতা গ্রহণযোগ্য হওয়া উচিত নয়।
নিবন্ধে বলা হয়েছে, গত অক্টোবরে ইসরাইলের পরবর্তী সরকারকে গাজার মানবিক বিপর্যয়ের অবসান ঘটাতে হবে। নির্বাচনটি তখন থেকেই ইসরাইলিদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছে—তাদের নামে নেওয়া সিদ্ধান্তগুলোর দায় কে নির্ধারণ করবে?
ইসরাইল মানেই নেতানিয়াহু নন। একজন নেতার কর্মকাণ্ডের জন্য দেশটির সাধারণ নাগরিকদের সম্মিলিতভাবে দায়ী করা উচিত নয়। তবে কোনো সরকার যদি একজন নেতাকে জবাবদিহির মুখোমুখি হওয়া থেকে বাঁচাতে কূটনৈতিক শক্তি ব্যয় করে, তাহলে আন্তর্জাতিক মহলে পুরো দেশকেই তার সিদ্ধান্তের অংশীদার হিসেবে দেখা হতে পারে।
গত ১৭ নভেম্বর নেতানিয়াহু প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তার বিরোধীরা নতুন স্পিকার নির্বাচন করেন। প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সরকার গঠনের জন্য গাদি আইজেনকোটকে দায়িত্ব দিয়েছেন। আইজেনকোটের জোটের আসন ৪৮টি, নেতানিয়াহুর জোটের ৫৩টি। আরব নেতৃত্বাধীন দলগুলো পেয়েছে বাকি ১৯টি আসন।
নিবন্ধে বলা হয়েছে, যেসব আরব নাগরিকের ভোটের বৈধতা নিয়ে নেতানিয়াহু বদনাম করেছিলেন, সরকার গঠনের ক্ষেত্রে তারাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাদের প্রতিনিধিদের অধিকার রয়েছে সম্ভাব্য প্রধানমন্ত্রীর কাছে জানতে চাওয়ার—জোট গঠনের শর্ত হিসেবে কাউকে দায়মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হবে কি না।
ইসরাইলের আন্তর্জাতিক ভাবমূর্তির অবনতির বিষয়টিও তুলে ধরা হয়েছে নিবন্ধে। জুনে পিউ রিসার্চ সেন্টারের প্রকাশিত এক জরিপে ৩৬টি দেশের প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে গড়ে ৬৭ শতাংশ ইসরাইল সম্পর্কে নেতিবাচক মনোভাব প্রকাশ করেন। আগের বছরের সঙ্গে তুলনা করা সম্ভব হয়েছে এমন ২৪টি দেশের মধ্যে ১৩টিতে ইসরাইল সম্পর্কে জনমত আরো খারাপ হয়েছে। জার্মানিতেও ৮৩ শতাংশ উত্তরদাতা বিশ্ব পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে নেতানিয়াহুর ওপর সামান্য বা কোনো আস্থা নেই বলে জানিয়েছেন।
আইসিসির গ্রেপ্তারি পরোয়ানায় উত্থাপিত একটি অভিযোগের প্রসঙ্গ টেনে নিবন্ধে বলা হয়েছে, যুদ্ধের কৌশল হিসেবে অনাহারকে ব্যবহার করার ঘটনায় নেতানিয়াহুর ফৌজদারি দায় থাকার যুক্তিসংগত ভিত্তি পেয়েছেন আদালতের বিচারকেরা। গাজায় খাদ্য প্রবেশের পরিমাণ কে নির্ধারণ করেছিলেন, মন্ত্রীরা এর পরিণতি সম্পর্কে কী জানতেন এবং পরিস্থিতি স্পষ্ট হওয়ার পর তারা কী পদক্ষেপ নিয়েছিলেন—এসব প্রশ্নের উত্তর খুঁজতে মন্ত্রিসভার নথি, সামরিক নির্দেশনা ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গুরুত্বপূর্ণ হতে পারে। এ জন্য এসব নথি সংরক্ষণ এবং আদালতকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
এদিকে, গত ২০ নভেম্বর অ্যাসোসিয়েটেড প্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে ইসরাইলি এক কূটনীতিক আইওয়ার অ্যাটর্নি জেনারেল ব্রেনা বার্ডকে ইসরাইল সফরের সব খরচ বহনের প্রস্তাব দিয়েছিলেন। কয়েক সপ্তাহ পর ওই কূটনীতিক তাকে তুরস্কের বিরুদ্ধে আইওয়ার বয়কটবিরোধী আইন প্রয়োগের আহ্বান জানান। আইসিসির পদক্ষেপের বিরোধিতা করে যুক্তরাষ্ট্রের অন্য কয়েকটি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলদের সঙ্গে একটি বিবৃতিতেও যুক্ত হন বার্ড।
নিবন্ধে বলা হয়েছে, গাজার যুদ্ধের সিদ্ধান্তগুলোর জবাব খুঁজতে আইওয়া থেকে সমর্থন আদায়ের চেয়ে নথিপত্র স্বাধীন তদন্তের জন্য উন্মুক্ত করাই ইসরাইলের বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধারে বেশি কার্যকর হবে।
এ ছাড়া গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলা এবং এর জেরে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়ার বিষয়টিও তুলে ধরা হয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনের বরাত দিয়ে বলা হয়েছে, নভেম্বর মাসে আঞ্চলিক দেশগুলো নতুন করে সর্বাত্মক যুদ্ধ এড়ানোর চেষ্টা করলেও নেতানিয়াহু ওয়াশিংটনকে আরেকটি যৌথ বিমান হামলায় রাজি করানোর চেষ্টা করছিলেন।
নিবন্ধের শেষাংশে বলা হয়েছে, ফিলিস্তিনিদের এখনই মানবিক সহায়তা পাওয়ার সুযোগ এবং ১৯৬৭ সালের সীমানার ভিত্তিতে ইসরাইলের পাশাপাশি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার বিশ্বাসযোগ্য পথ প্রয়োজন। অন্যদিকে ইসরাইলিদেরও এমন নেতৃত্ব প্রয়োজন, যারা বুঝবে ফিলিস্তিনি শিশুরা নিরাপদে বেড়ে উঠতে না পারলে তাদের নিজেদের সন্তানদের নিরাপত্তাও নিশ্চিত হবে না।
ইসরাইলের পরবর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে নিবন্ধে বলা হয়েছে, গাজায় কী ঘটেছে তার সব নথি সংরক্ষণ করতে হবে, স্বাধীন বিচারকদের সহযোগিতা করতে হবে এবং আদালতের রায় মেনে নিতে হবে। সরকার গঠনের জন্য ৬১তম ভোট নিশ্চিত করার কোনো সমঝোতাই এই অঙ্গীকারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হতে পারে না।