হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা বাড়লেও ইরানের সঙ্গে যুদ্ধ শিগগিরই শেষ করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি আবারও দাবি করেছেন, যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে।
তার ভাষ্য, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে। ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী, রাডারব্যবস্থা ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থাও ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছেন তিনি।
অ্যারিজোনা অঙ্গরাজ্যের বুলহেড সিটিতে এক সমাবেশে ট্রাম্প এসব কথা বলেন।
ইরানের শীর্ষ নেতৃত্বের ক্ষয়ক্ষতির বিষয়ে ট্রাম্প বলেন, দেশটির প্রথম সারির নেতারা চলে গেছেন। এরপর দ্বিতীয় সারির নেতাদের দায়িত্ব দেওয়া হলেও তারাও নিহত হয়েছেন। পরে তৃতীয় সারির নেতাদের দায়িত্ব দেওয়া হয়। তাদেরও অর্ধেক নিহত হয়েছেন বলে দাবি করেন তিনি।
ট্রাম্প বলেন, ‘তারা প্রথম সারির নেতাদের হারিয়েছে। এরপর দ্বিতীয় সারির নেতাদের বেছে নিয়েছিল। তাদেরও হারিয়েছে। এরপর তৃতীয় সারির নেতাদের বেছে নিয়েছে। তাদের অর্ধেকও চলে গেছে। তারা আমাকে আর কাউকে হত্যা না করার প্রতিশ্রুতি দিতে বলেছিল। আমি কথা দিয়েছি। আমি তাদের প্রতিশ্রুতি দিয়েছি।’
ইরানের সঙ্গে আলোচনা চালানোর ক্ষেত্রে চলমান হামলা জটিলতা তৈরি করেছে বলেও ইঙ্গিত দেন ট্রাম্প। তিনি বলেন, ‘সম্ভবত আমি একটু বেশি দূর এগিয়ে গেছি। এ জন্য দুঃখিত। কারণ, এখন আর বুঝতে পারছি না, আমরা আসলে কার সঙ্গে কথা বলছি।’
যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়েছে বলে স্বীকার করেন ট্রাম্প। তবে তার দাবি, যুদ্ধ শেষ হলে খুব শিগগিরই দাম কমে আসবে।
ট্রাম্প বলেন, ‘আমি জানতাম, পেট্রলের দাম বাড়বে। কিন্তু এতটা বাড়বে, তা ধারণা করিনি।
যুদ্ধ শেষ হলে জ্বালানির দাম ‘খুব শিগগিরই’ কমে আসবে বলেও মন্তব্য করেন তিনি।
এএম