কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দৌড়ে যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে পাল্লা দিতে চাইছে ইসরাইল। এ লক্ষ্য অর্জনে দেশটি দ্রুতগতিতে ডেটা সেন্টার নির্মাণের উদ্যোগ নিয়েছে। নতুন প্রকল্পের অনুমোদন প্রক্রিয়া সহজ করা হচ্ছে, কমানো হচ্ছে প্রশাসনিক জটিলতা। ইসরাইলের লক্ষ্য এআই প্রযুক্তির বৈশ্বিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হওয়া।
গত জুনে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের একটি বড় পরিকল্পনা ঘোষণার সময় বলেন, ‘আমরা ইসরাইলকে বিশ্বের একটি এআই পরাশক্তিতে পরিণত করব।’ এ পরিকল্পনার অংশ হিসেবে এআই প্রযুক্তির উন্নয়ন ত্বরান্বিত করতে জাতীয় পর্যায়ে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।
এআই খাতে ইসরাইলের অবস্থান আগে থেকেই বেশ শক্তিশালী। যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং ইসরাইলকে তার ‘দ্বিতীয় বাড়ি’ বলে অভিহিত করেছেন। এনভিডিয়া বিশ্বের সবচেয়ে মূল্যবান সেমিকন্ডাক্টর কোম্পানিতে পরিণত হওয়ার পেছনে ইসরাইলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
২০২০ সালের এপ্রিলে প্রায় ৭০০ কোটি ডলারে ইসরাইলি প্রতিষ্ঠান মেলানক্স অধিগ্রহণ করে এনভিডিয়া। প্রতিষ্ঠানটি কম্পিউটার নেটওয়ার্কিং পণ্য সরবরাহ করে। এই অধিগ্রহণ এনভিডিয়ার ব্যবসা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে মেলানক্সকে ঘিরে গড়ে ওঠা নেটওয়ার্কিং ব্যবসা থেকে এনভিডিয়ার আয় হয়েছে ২ হাজার ১০০ কোটি ডলারের বেশি। এটি প্রতিষ্ঠানটির ওই প্রান্তিকের মোট আয়ের প্রায় ১৮ শতাংশ।
বর্তমানে যুক্তরাষ্ট্রের বাইরে এনভিডিয়ার সবচেয়ে বড় গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে ইসরাইলে। গত তিন বছরে দেশটিতে প্রতিষ্ঠানটির কর্মীর সংখ্যা দ্বিগুণ হয়ে ৬ হাজারে দাঁড়িয়েছে। সাতটি গবেষণা ও উন্নয়নকেন্দ্রে এসব কর্মী কাজ করছেন। এ ছাড়া হাইফার কাছে কিরিয়াত তিভনে বড় একটি গবেষণা ও উন্নয়ন ক্যাম্পাস নির্মাণের পরিকল্পনা রয়েছে এনভিডিয়ার। সেখানে সর্বোচ্চ ১০ হাজার কর্মীর কাজের ব্যবস্থা করা হবে।
গত সেপ্টেম্বরে ইসরাইলি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু এআই খাতে দেশের ভবিষ্যৎ পরিকল্পনার সময়সীমা তুলে ধরেন। তিনি বলেন, ‘পাঁচ বছরের মধ্যে আমরা তৃতীয় এআই শক্তিতে পরিণত হব।’
বিশ্লেষকদের মতে, ডেটা সেন্টার নির্মাণে ইসরাইলের এই উদ্যোগ দেশটির প্রযুক্তিগত সক্ষমতায় বড় ধরনের পরিবর্তন আনতে পারে। এর প্রভাব পড়বে দ্রুতগতিতে বিপুল পরিমাণ তথ্য প্রক্রিয়াকরণের সক্ষমতা, সামরিক শক্তি এবং ভূরাজনৈতিক প্রভাবের ওপরও।
নতুন অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ
ইসরাইলের এআই অবকাঠামো পরিকল্পনার অন্যতম বড় প্রকল্প ওফেক ডেটা সেন্টার। এটি নির্মিত হলে দেশটির সবচেয়ে বড় তথ্য প্রক্রিয়াকরণকেন্দ্র হবে। বন্দরনগরী আশদোদের উত্তরে নির্মাণাধীন এই প্রকল্প ২০২৯ সালের দ্বিতীয়ার্ধে চালু হওয়ার কথা।
যুক্তরাষ্ট্রভিত্তিক ডিজিটাল অবকাঠামো প্রতিষ্ঠান সার্ভারফার্ম এবং ইসরাইল ইনফ্রাস্ট্রাকচার ফান্ডসহ কয়েকটি প্রতিষ্ঠানের একটি জোট প্রকল্পটিতে অর্থায়ন করছে। প্রাথমিকভাবে এতে ব্যয় ধরা হয়েছে ১৫০ কোটি ডলার। ভবিষ্যতে এর সক্ষমতা বাড়াতে আরো ৫০০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।
সমুদ্রের তলদেশ দিয়ে স্থাপিত ফাইবার অপটিক কেবলের মাধ্যমে এই ডেটা সেন্টার সরাসরি ইউরোপের বাজারের সঙ্গে যুক্ত হবে। সার্ভারের কাজের গতি বাড়াতে এতে এনভিডিয়ার ডেটা সেন্টার জিপিইউ ব্যবহার করা হবে। শুরুতে এর বিদ্যুৎ সক্ষমতা হবে ১৩০ মেগাওয়াট। পরে তা বাড়িয়ে ২০০ মেগাওয়াট করার পরিকল্পনা রয়েছে।
গবেষণা প্রতিষ্ঠান ডেটা সেন্টার ম্যাপের তথ্য অনুযায়ী, বর্তমানে ইসরাইলে ৬৭টি ডেটা সেন্টার রয়েছে। নতুন কেন্দ্র নির্মাণ সহজ করতে নেতানিয়াহু সরকার বিভিন্ন নিয়ন্ত্রক জটিলতা দূর করছে।
গত ফেব্রুয়ারিতে সরকার এআই ডেটা সেন্টারকে জাতীয় অবকাঠামো হিসেবে শ্রেণিবদ্ধ করার উদ্যোগ নেয়। এর উদ্দেশ্য ছিল স্থানীয় পর্যায়ের বিভিন্ন বিধিনিষেধ এড়িয়ে দ্রুত প্রকল্প বাস্তবায়ন করা। তবে সম্প্রসারণের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বিদ্যুতের সরবরাহ।
গত মাসে ইসরাইলের বিদ্যুৎ কর্তৃপক্ষ দেশটির নতুন সব ডেটা সেন্টারের বিদ্যুৎ সক্ষমতা সর্বোচ্চ ২০০ মেগাওয়াটে সীমিত করে দেয়। জাতীয় বিদ্যুৎ গ্রিডে সংযোগের চাহিদা বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, আধুনিক ডেটা সেন্টার পরিচালনার সবচেয়ে বড় ব্যয় বিদ্যুৎ। নতুন কেন্দ্র কত দ্রুত নির্মাণ করা যাবে এবং সেগুলো থেকে কতটা মুনাফা আসবে, তা অনেকাংশে বিদ্যুতের প্রাপ্যতার ওপর নির্ভর করে।
লন্ডনভিত্তিক স্বাধীন গবেষক ও এআই পরিচালনব্যবস্থা-বিষয়ক উপদেষ্টা রাজীব দালাল আলজাজিরাকে বলেন, দ্রুত অনুমোদন দেওয়া মূলত সরকারের নীতিগত সিদ্ধান্ত। কিন্তু নির্মিত ডেটা সেন্টার চালানোর জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ নিশ্চিত করা সম্পূর্ণ ভিন্ন বিষয়। এই দুইয়ের মধ্যবর্তী ব্যবধানেই প্রকল্পগুলোর অর্থনৈতিক সম্ভাবনা যাচাই হবে।
দালাল বলেন, ইসরাইলের আয়তন ছোট, বিদ্যুৎ গ্রিডের সক্ষমতা সীমিত এবং উন্নত হার্ডওয়্যারের জন্য দেশটি আমদানির ওপর নির্ভরশীল। অথচ এআই পরাশক্তি হতে হলে গিগাওয়াট পর্যায়ের সক্ষমতা, নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ এবং উন্নত চিপের ধারাবাহিক প্রাপ্যতা প্রয়োজন।
অর্থাৎ, এআই নিয়ে বড় স্বপ্ন বাস্তবায়নে বিপুল পরিমাণ বিদ্যুৎ দরকার।
বিদ্যুতের চাহিদা মেটাতে ইসরাইলের জ্বালানিমন্ত্রী ও অবকাঠামোমন্ত্রী এলি কোহেন পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ওপর গুরুত্ব দিয়েছেন। পাশাপাশি পূর্ব ভূমধ্যসাগরের সমুদ্রাঞ্চলে অবস্থিত গ্যাসক্ষেত্রগুলো থেকেও জ্বালানি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এসব গ্যাসক্ষেত্রের মধ্যে রয়েছে তামার, লেভিয়াথান ও কারিশ। এর কাছাকাছি লেবাননের সঙ্গে বিরোধপূর্ণ সামুদ্রিক এলাকাও রয়েছে। এ ছাড়া কাটলান নামে আরেকটি গ্যাসক্ষেত্র ২০২৭ সালে উৎপাদনে আসার কথা।
ইসরাইলি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আশদোদ বন্দরের পাশে নির্মিতব্য ৮৫০ মেগাওয়াট ক্ষমতার একটি গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্র থেকে সরাসরি বিদ্যুৎ পাবে ওফেক ডেটা সেন্টার।
যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বার্কম্যান ক্লেইন সেন্টার ফর ইন্টারনেট অ্যান্ড সোসাইটির জননীতি গবেষক মার্ক এসপোসিতো মনে করেন, ডেটা সেন্টার নির্মাণের পেছনে ইসরাইলের লক্ষ্য শুধু বাণিজ্যিক নয়, বরং ভূরাজনৈতিক ও কৌশলগত।
তিনি আলজাজিরাকে বলেন, শুধু বাজারের দক্ষতার দৃষ্টিকোণ থেকে বিচার করলে নিজ দেশে এআই ডেটা সেন্টার নির্মাণের যৌক্তিকতা অনেক সময় পাওয়া কঠিন। তবে কৌশলগতভাবে এআইয়ে এগিয়ে থাকতে চাওয়া কোনো দেশের জন্য নিজস্ব ডেটা সেন্টার নির্মাণের অর্থ হলো ভবিষ্যতের শিল্পব্যবস্থার গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণবিন্দু নিজেদের হাতে রাখা।
এসপোসিতোর মতে, শুধু ডেটা সেন্টার থাকলেই কোনো দেশ এআই পরাশক্তি হয়ে যায় না। তবে এসব অবকাঠামো ছাড়া এআই পরাশক্তি হওয়া খুব কঠিন। এগুলোই এআই শক্তির ভৌগোলিক ভিত্তি।
সময়ের সঙ্গে সঙ্গে এসব কেন্দ্রের আশপাশে ক্লাউড সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, এআই গবেষণাগার, সেমিকন্ডাক্টর প্যাকেজিং, শীতলীকরণ প্রযুক্তি এবং জ্বালানি অবকাঠামো গড়ে ওঠে। এতে দক্ষ জনবল, বিনিয়োগ ও তথ্য একে অপরকে শক্তিশালী করে একটি পূর্ণাঙ্গ প্রযুক্তি খাত তৈরি করে।
বৈশ্বিক প্রভাব বাড়ানোর কৌশল
গত ফেব্রুয়ারিতে জাতীয় নিরাপত্তার কথা উল্লেখ করে এআই ডেটা সেন্টার নির্মাণ ত্বরান্বিত করার পরিকল্পনা অনুমোদন করে নেতানিয়াহু সরকার। ওই সময় নেতানিয়াহু বলেন, এই উদ্যোগ ইসরাইলের শক্তি আরো বাড়ানোর ক্ষেত্রে ‘নির্ণায়ক ভূমিকা’ রাখবে।
তিনি বলেন, বিষয়টি শুধু নিজেদের শক্তি তুলে ধরা বা শক্তি গড়ে তোলার মধ্যে সীমাবদ্ধ নয়। এর মাধ্যমে বিশ্বজুড়ে বিপুল ক্ষমতার সুবিধা অর্জন করাও লক্ষ্য। কারণ, ইসরাইল একটি ছোট ও হুমকির মুখে থাকা দেশ।
ইসরাইলের জাতীয় এআই অধিদপ্তরের প্রধান এরেজ আসকালও একই ধরনের বক্তব্য দিয়েছেন। তার মতে, আগামী কয়েক বছরে স্পষ্ট হয়ে যাবে, কোন দেশগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে বিশ্বের শীর্ষ অবস্থানে পৌঁছাতে পারবে। আর কোন দেশগুলো অন্যদের তৈরি প্রযুক্তি, অবকাঠামো ও সক্ষমতার ওপর নির্ভর করতে বাধ্য হবে।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক মার্ক এসপোসিতোর মতে, এআই এখন আর শুধু সফটওয়্যার প্রযুক্তি নয়। এটি জাতীয় গুরুত্বপূর্ণ অবকাঠামোতে পরিণত হয়েছে। এর ওপর একটি দেশের অর্থনৈতিক ও ভূরাজনৈতিক ক্ষমতাও নির্ভর করছে।
তিনি বলেন, যেসব দেশের নিজস্ব এআই অবকাঠামো থাকবে, অন্য দেশগুলোর তুলনায় তাদের দর-কষাকষির ক্ষমতা বেশি হবে। আগামী এক দশকে বাণিজ্য আলোচনা, নিরাপত্তা জোট এবং প্রযুক্তিতে প্রবেশাধিকারের ক্ষেত্রে এই বৈষম্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।
নিজস্ব এআই অবকাঠামো গড়ে তুললে বিদেশি বাধা বা সরবরাহসংকটের কারণে প্রযুক্তি খাতের গুরুত্বপূর্ণ অংশ অচল হয়ে পড়ার ঝুঁকি কমে। তবে এআই ব্যবস্থার পুরো সক্ষমতা শুধু ডেটা সেন্টারের ওপর নির্ভর করে না। কাঁচামাল ও চিপ, এআই মডেল, বিভিন্ন এআই অ্যাপ্লিকেশন এবং ক্লাউড অবকাঠামোও পরস্পরের সঙ্গে যুক্ত থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ব্রুকিংস ইনস্টিটিউশনের কৃত্রিম বুদ্ধিমত্তা ও উদীয়মান প্রযুক্তি উদ্যোগের জ্যেষ্ঠ ফেলো মার্ক মুরো বলেন, নিজস্ব অবকাঠামো থাকলে এআই ব্যবস্থায় দ্রুত ও স্থিতিশীলভাবে তথ্য প্রক্রিয়াকরণ করা সম্ভব। প্রশিক্ষিত এআই মডেলের মাধ্যমে তথ্য বিশ্লেষণ করে উত্তর বা ফলাফল তৈরির এই প্রক্রিয়াকে বলা হয় ইনফারেন্স।
মুরোর মতে, স্থানীয় পর্যায়ে স্থিতিশীল ইনফারেন্স ব্যবস্থা গড়ে উঠলে ব্যবসা, বিদ্যুৎ গ্রিড পরিচালনা এবং সামরিক সক্ষমতার ক্ষেত্রে সুবিধা তৈরি হবে।
গাজা ও পশ্চিম তীরে সামরিক অভিযানের অংশ হিসেবে ইসরাইল এআই প্রযুক্তি ব্যবহার করেছে বলে জানা যায়। মুরো বলেন, এআই মডেল প্রশিক্ষণের জন্য ব্যবহৃত বড় ডেটা সেন্টারের পাশাপাশি স্থানীয় পর্যায়ে ইনফারেন্সের জন্য ছোট কেন্দ্র নির্মাণও গুরুত্বপূর্ণ। এতে দেশের এআই কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখা এবং প্রয়োজনীয় সেবা চালু রাখা সহজ হবে।
ইউরোপের চ্যালেঞ্জ
ইসরাইল যখন দ্রুত ডেটা সেন্টার নির্মাণ করছে, তখন ইউরোপ এ ক্ষেত্রে পিছিয়ে পড়ছে। বিদ্যুৎ গ্রিডের সক্ষমতা-সংকট, অনুমোদনপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা এবং ডেটা সেন্টার নির্মাণ নিয়ে জনসাধারণের বিরোধিতা এর প্রধান কারণ।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইতিমধ্যে বিদেশি নিয়ন্ত্রণাধীন ডেটা সেন্টার ও ক্লাউড অবকাঠামোর ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। বিশ্লেষকদের আশঙ্কা, এই নির্ভরতা আরো বাড়ছে।
বিশ্বের মোট ডেটা সেন্টারের প্রায় ৫১ শতাংশ যুক্তরাষ্ট্রে অবস্থিত। ফলে ইইউর স্থানীয় সার্ভারগুলো ব্যস্ত থাকলে কিংবা বিদ্যুতের ব্যবহার বেড়ে গেলে তথ্য প্রক্রিয়াকরণের কাজ যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের তুলনামূলক সস্তা কিংবা অব্যবহৃত ডেটা সেন্টারে সরিয়ে নেওয়া সম্ভব। সম্ভাব্য গন্তব্যের মধ্যে ইসরাইলের ওফেক ডেটা সেন্টারও থাকতে পারে।
অন্যদিকে, সব তথ্য ইইউর সীমানার মধ্যে রাখলে ব্যয় বেড়ে যায়। ইউরোপীয় কমিশনের হিসাব অনুযায়ী, এতে খরচ ৩০ শতাংশ বা তার বেশি হতে পারে। তবে এর সুবিধা হলো, তথ্য ইউরোপের গোপনীয়তা-সংক্রান্ত আইনের আওতায় থাকে। ফলে বিদেশি নজরদারি থেকে নাগরিক, ব্যবসাপ্রতিষ্ঠান ও সরকার সুরক্ষিত থাকে।
এ ছাড়া ইইউর ভেতরে সার্ভার থাকলে সামরিক, গোয়েন্দা ও সরকারি সংস্থাগুলো গোপনীয় বা স্পর্শকাতর তথ্য বিদেশে না পাঠিয়েই প্রক্রিয়াকরণ করতে পারে।
বেলজিয়ামের ব্রাসেলসভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ব্রুগেলের জ্যেষ্ঠ ফেলো বার্তিন মার্টেনস বলেন, রাজনৈতিক ও নিরাপত্তার দিক থেকে স্পর্শকাতর তথ্যের ক্ষেত্রে বিদেশি শক্তির কাছে যোগাযোগ বা তথ্য প্রক্রিয়াকরণের বিষয়টি উন্মুক্ত রাখতে চায় না কোনো দেশ। এ কারণেই এ ধরনের তথ্য ব্যবস্থাপনার জন্য নিজস্ব ডেটা সেন্টার প্রয়োজন।
ফ্রান্সের নিস শহরের ইউনিভার্সিটি কোট দাজুরের কৃত্রিম বুদ্ধিমত্তা ও উদ্ভাবনের অর্থনীতি বিভাগের জুনিয়র অধ্যাপক সিমোনে ভানুচ্চিনি বলেন, কম্পিউটিং সক্ষমতার জন্য ইসরাইল বা অন্য কোনো বিদেশি শক্তির ওপর নির্ভরশীল হলে ভূরাজনীতির ক্ষেত্রে নতুন ঝুঁকি তৈরি হতে পারে।
তিনি বলেন, কোনো দেশের ওপর নির্ভরশীলতা তৈরি হলে সেই দেশের কর্মকাণ্ডের সমালোচনা করার ক্ষেত্রেও অনীহা তৈরি হতে পারে। এটিই সম্ভাব্য ঝুঁকিগুলোর একটি।
তবে বর্তমানে ইসরাইলের হাতে অন্য দেশগুলোর ওপর উল্লেখযোগ্য প্রভাব বিস্তারের মতো সক্ষমতা নেই। কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলিয়ে দেখলে দেশটির গুরুত্ব বাড়ে। ভানুচ্চিনির ভাষায়, ‘যুক্তরাষ্ট্রের হাতে বড় একটি অস্ত্র রয়েছে। ইসরাইলের হাতেও একটি অস্ত্র আছে, তবে সেটি কিছুটা ছোট।’
এএম