ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা এবং যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি ভঙ্গুর অন্তর্বর্তী চুক্তিকে পূর্ণাঙ্গ রূপ দিতে আনুষ্ঠানিক আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ড পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
স্থানীয় সময় রোববার সকাল ৬টার ঠিক আগে তিনি লুসার্নের অদূরে ইমেন বিমান ঘাঁটিতে অবতরণ করেন। তার সঙ্গে স্ত্রী ঊষা ভ্যান্সও রয়েছেন।
মার্কিন ভাইস প্রেসিডেন্টের কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। বিশ্ব অর্থনীতি ও বৈশ্বিক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চুক্তির কারিগরি খুঁটিনাটি বিষয়গুলো চূড়ান্ত করতে দুই দেশের শীর্ষ কূটনীতিকেরা এখন ৬০ দিনের একটি সংক্ষিপ্ত সময়সীমার মধ্যে কাজ করছেন। তবে এই দুই মাস মেয়াদি আলোচনার শুরুর দিনগুলো বেশ জটিল হয়ে উঠেছে। লেবাননে ইসরাইল এবং ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে তীব্র লড়াই এবং পরবর্তীতে ইরানের সামরিক বাহিনী কর্তৃক হরমুজ প্রণালি বন্ধের ঘোষণার কারণে এই জটিলতা তৈরি হয়েছে। বিশ্বের মোট উৎপাদিত তেল ও প্রাকৃতিক গ্যাসের এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে পরিবাহিত হয়।
জেডি ভ্যান্সের গত শুক্রবারই সুইজারল্যান্ডের মনোরম বুর্গেনস্টক রিসোর্টে পৌঁছানোর কথা ছিল। কিন্তু লেবাননে লড়াই বেড়ে যাওয়া এবং ইরানি কর্মকর্তারা আসার পরিকল্পনা বাতিল করায় তার ওয়াশিংটন ত্যাগ করতে দেরি হয়।
তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড ইরানের হরমুজ প্রণালি বন্ধের দাবিটি অস্বীকার করেছে। তারা জানিয়েছে, মার্কিন বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সমুদ্রপথ দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ভ্যান্সও জানিয়েছেন যে সাম্প্রতিক দিনগুলোতে লাখ লাখ ব্যারেল তেল এই প্রণালি দিয়ে পার হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তাদের আলোচক দল সুইজারল্যান্ডে পৌঁছানোর খবর প্রচার করার পরপরই ভ্যান্স যুক্তরাষ্ট্র ত্যাগ করেন। তেহরানের প্রতিনিধি দলে রয়েছেন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এ ছাড়া ইরানের কেন্দ্রীয় ব্যাংক ও জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারাও এই দলে রয়েছেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট সেখানে বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে যোগ দেবেন, যারা পারমাণবিক আলোচনার কারিগরি বিষয়গুলো পর্যালোচনা করতে ইতোমধ্যে সেখানে অবস্থান করছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই আলোচনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির এবং কাতারের মধ্যস্থতাকারীরাও অংশ নেবেন।
ভ্যান্স জানিয়েছেন, তিনি সুইজারল্যান্ডে মাত্র এক বা দুই দিন থাকবেন এবং বিস্তারিত আলোচনার মূল দায়িত্ব উইটকফ ও কুশনারের ওপর ছেড়ে দেবেন। ২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ভাবছেন ভ্যান্স। এমন সময়ে এই আলোচনায় তার অংশগ্রহণ বিশেষ নজর কাড়ছে। এই চুক্তির কারণে ট্রাম্প ও ভ্যান্স নিজেদের দলের কট্টরপন্থি রিপাবলিকানদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন। সমালোচকেরা একে ওবামা আমলের ইরান পারমাণবিক চুক্তির সঙ্গে তুলনা করছেন, যা ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করতে পারেনি বলে ট্রাম্প ও রিপাবলিকানরা অতীতে দাবি করেছিলেন।
ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের স্বাক্ষরিত এই চুক্তির ফলে তেহরান অবিলম্বে অবাধে তেল বিক্রি করতে পারবে এবং তাদের ফ্রিজ বা অবরুদ্ধ থাকা শত শত কোটি ডলারের সম্পদ ব্যবহারের সুযোগ পাবে।
চুক্তির শর্ত অনুযায়ী, ইরানকে তাদের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত কমিয়ে ফেলতে হবে, যা গত গ্রীষ্মে মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক কেন্দ্রগুলোর নিচে মজুত রয়েছে বলে ধারণা করা হয়।
চুক্তিতে বলা হয়েছে, বাণিজ্যিক জাহাজগুলো ৬০ দিন পর্যন্ত কোনো ফি বা শুল্ক ছাড়াই হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে। তবে ভবিষ্যতে ইরান কোনো ফি আরোপ করতে পারবে কি-না, তা চুক্তিতে স্পষ্ট করা হয়নি। ট্রাম্প গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি দিয়ে লিখেছেন, ৬০ দিনের মধ্যে কোনো স্থায়ী চুক্তি না হলে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে নিজস্ব শুল্ক আরোপ করবে।
তিনি দাবি করেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর ‘অভিভাবক’ হিসেবে সেবা দেওয়ার বিনিময়ে এই অর্থ নেওয়া হবে।
পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে যে, ইসরাইল বা হিজবুল্লাহ কেউই এই মার্কিন-ইরান চুক্তির স্বাক্ষরকারী নয়। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিজ্ঞা করেছেন যে ইসরাইলের ওপর থেকে হুমকি পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত তার সেনারা দক্ষিণ লেবাননে অবস্থান করবে।
অন্যদিকে হিজবুল্লাহও জানিয়েছে, ইসরাইল লেবানন থেকে সেনা প্রত্যাহার না করলে তারা হামলা বন্ধ করবে না। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি হওয়ার পর শুরুর দিনগুলোতেই ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যকার লড়াইয়ে লেবাননে ৪৭ জন এবং ইসরাইলের পক্ষে চারজন সেনা নিহত হয়েছেন।
সূত্র: ফ্রান্স ২৪
এএম