মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ও হামলার ঘটনায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এর প্রভাবে রোববার উপসাগরীয় অঞ্চলের অধিকাংশ শেয়ারবাজারে দরপতন হয়েছে। বিশেষ করে সৌদি আরব ও কাতারের শেয়ারবাজারে বড় ধরনের পতন দেখা গেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের প্রধান শেয়ারসূচক তাদাওয়ুল ২ শতাংশ কমেছে। দেশটির বৃহত্তম ব্যাংকগুলোর মধ্যে আল রাজহি ব্যাংকের শেয়ারের দাম ২ দশমিক ৫ শতাংশ এবং সম্পদের হিসাবে সবচেয়ে বড় ঋণদাতা সৌদি ন্যাশনাল ব্যাংকের শেয়ারের দাম ২ দশমিক ২ শতাংশ কমেছে।
রোববার ভোরে সৌদি আরবের পশ্চিমাঞ্চল লক্ষ্য করে ইরানপন্থি হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন বাহিনী। এ ছাড়া শুক্রবার উপসাগরীয় জলসীমায় যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমানকে লক্ষ্য করে ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং সেটি ক্ষতিগ্রস্ত করে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। তবে এ দাবি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র।
এদিকে যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রয়েছে। গত শুক্রবার রাতে ইরানের রাজধানী তেহরানে কাতারের একটি প্রতিনিধিদল আলোচনা করেছে বলে জানিয়েছেন ইরানের এক কর্মকর্তা। গত ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধ বন্ধে বিভিন্ন পক্ষের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে এ আলোচনা হয়।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, তেহরান এখনো কূটনীতির মাধ্যমে সংকট সমাধানের আশা করছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান চুক্তি করতে চাইলেও তাদের প্রস্তাবিত শর্ত তিনি গ্রহণ করবেন না।
কাতারের প্রধান শেয়ারসূচকও ১ দশমিক ৬ শতাংশ কমেছে। সূচকের অন্তর্ভুক্ত প্রায় সব প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। দেশটির কাতার ইসলামিক ব্যাংকের শেয়ারের দর কমেছে ১ দশমিক ২ শতাংশ।
বাজার বিশ্লেষক মিলাদ আজার বলেন, সপ্তাহান্তের হামলার ঘটনা গত সপ্তাহের বৈশ্বিক শেয়ারবাজারের দরপতনের চাপ আরও বাড়িয়েছে। সৌদি আরব ও কাতার—উভয় দেশের বাজারেই ব্যাংক খাতের শেয়ারে বেশি পতন হয়েছে। বড় মূলধনি প্রতিষ্ঠানগুলোর শেয়ারও ক্ষতির মুখে পড়েছে।
সৌদি অ্যারাবিয়ান মাইনিং কোম্পানির শেয়ারের দাম কমেছে ৩ দশমিক ২ শতাংশ। স্বর্ণের দাম এক বছরের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ায় খনি খাতের প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান আজার।
তবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম মোটামুটি স্থিতিশীল থাকায় সৌদি আরামকোসহ জ্বালানি খাতের শেয়ারে চাপ কিছুটা কম ছিল।
এদিকে বাহরাইনের শেয়ারবাজারের সূচক কমেছে শূন্য দশমিক ৬ শতাংশ। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে ইরানের কয়েকটি আকাশপথে হামলা প্রতিহত করা হয়েছে। এর মধ্যে একটি হামলায় বেসামরিক শিল্প স্থাপনায় আগুন ধরে যায়।
অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক অবস্থানগুলো তাদের হামলার লক্ষ্যবস্তু ছিল। দেশটিতে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর রয়েছে।
উপসাগরীয় অঞ্চলের বাইরে মিসরের প্রধান শেয়ারসূচকও ২ দশমিক ৯ শতাংশ কমেছে।