গাজায় ইসরাইলি হামলায় চিকিৎসা সহায়তা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্সের (এমএসএফ) দুই কর্মী নিহত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবিক সহায়তা বিভাগের প্রধান টম ফ্লেচার। খবর আলজাজিরার।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ফ্লেচার বলেন, গাজায় এমএসএফের একটি ক্লিনিকে ইসরাইলি হামলায় সংস্থাটির দুই সহকর্মী নিহত হওয়ার ঘটনায় তিনি ক্ষুব্ধ।
এ ছাড়া চলতি সপ্তাহের শুরুতে পৃথক হামলায় জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএর এক কর্মী নিহত এবং আরো তিনজন আহত হওয়ার ঘটনাও উল্লেখ করেন তিনি।
ফ্লেচার বলেন, ‘আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী হাসপাতাল, ক্লিনিক, চিকিৎসাকর্মী ও মানবিক সহায়তাকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।’
এমএসএফ জানায়, শুক্রবার রাতে নিহত দুজনই তাদের নিরাপত্তাকর্মী ছিলেন। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের যুদ্ধ শুরুর পর সংস্থাটির ১৭ জন কর্মী নিহত হয়েছেন।
সংস্থাটি বলেছে, তাদের চিকিৎসাকেন্দ্রগুলো স্পষ্টভাবে লোগো দিয়ে চিহ্নিত ছিল এবং এসব স্থাপনার অবস্থানসংক্রান্ত তথ্য ইসরাইলি সেনাবাহিনীর কাছে দেওয়া হয়েছিল। সেনাবাহিনীও সেগুলোর অবস্থান সম্পর্কে অবগত ছিল।
এ ঘটনায় দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে এমএসএফ।
২০২৫ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের সমর্থিত পরিকল্পনার আওতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও এর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত এখনো বাস্তবায়িত হয়নি। ইসরাইল এখনো গাজার প্রায় ৭০ শতাংশ এলাকার নিয়ন্ত্রণ ধরে রেখেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের সামরিক অভিযানে প্রায় ৭৫ হাজার ফিলিস্তিনি নিহত ও ১ লাখ ৭৬ হাজারের বেশি আহত হয়েছেন। এ ছাড়া ভূখণ্ডটির প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে।