বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় অবস্থান আরও শক্ত করেছে সৌদি আরবের তিন বিশ্ববিদ্যালয়। ২০২৬ সালের একাডেমিক র্যাঙ্কিং অব ওয়ার্ল্ড ইউনিভার্সিটিজে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে তাইফ বিশ্ববিদ্যালয়, ইমাম মোহাম্মদ বিন সৌদ ইসলামিক বিশ্ববিদ্যালয় ও জাজান বিশ্ববিদ্যালয়।
এর মধ্যে সবচেয়ে বড় উন্নতি করেছে তাইফ বিশ্ববিদ্যালয়। ২০২৫ সালে বিশ্ব র্যাঙ্কিংয়ে ৬২৭তম অবস্থানে থাকা বিশ্ববিদ্যালয়টি এবার ২১৯ ধাপ এগিয়ে ৪০৮তম স্থানে উঠে এসেছে। একই সঙ্গে সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তাদের অবস্থান ষষ্ঠ থেকে চতুর্থ হয়েছে।
অন্যদিকে, রিয়াদের ইমাম মোহাম্মদ বিন সৌদ ইসলামিক বিশ্ববিদ্যালয় গত বছরের ৯০১-১০০০ স্তর থেকে উন্নীত হয়ে এবার ৬০১-৭০০ স্তরে জায়গা করে নিয়েছে।
বিশ্ব র্যাঙ্কিংয়ে টানা তৃতীয়বারের মতো জায়গা ধরে রেখেছে জাজান বিশ্ববিদ্যালয়। এবার প্রতিষ্ঠানটি বিশ্বের ৯০১-১০০০ স্তরের মধ্যে অবস্থান করেছে এবং সৌদি আরবের শীর্ষ ১৪টি বিশ্ববিদ্যালয়ের একটি হিসেবে স্থান পেয়েছে।
সৌদি প্রেস এজেন্সির তথ্য অনুযায়ী, গবেষণার মান উন্নয়ন, গবেষকদের সহায়তা, গবেষণা খাতে অর্থায়ন বৃদ্ধি এবং আন্তর্জাতিক পর্যায়ে উপস্থিতি জোরদারের কারণে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থানের উন্নতি হয়েছে।
‘একাডেমিক র্যাঙ্কিং অব ওয়ার্ল্ড ইউনিভার্সিটিজ’ বা সাংহাই র্যাঙ্কিংয়ে প্রতি বছর বিশ্বের শীর্ষ এক হাজার বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করা হয়। শিক্ষার মান, শিক্ষক ও গবেষকদের কর্মদক্ষতা, গবেষণার ফলাফল এবং প্রতিষ্ঠানের সামগ্রিক কার্যকারিতাসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে এই র্যাঙ্কিং তৈরি করা হয়।
সৌদি আরবের শিক্ষা ও গবেষণা খাতের উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগের ফল আন্তর্জাতিক র্যাঙ্কিংয়েও প্রতিফলিত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সূত্র: আরব নিউজ