ইরানের সামরিক সক্ষমতার কারণে যুক্তরাষ্ট্র তাদের কৌশল পরিবর্তন করতে বাধ্য হয়েছে বলে মন্তব্য করেছে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আইআরজিসির গোয়েন্দা বিভাগ এক বিবৃতিতে জানায়, ইরানের প্রতিরোধ ও পাল্টা হামলার মুখে সেনাবাহিনীকে ছড়িয়ে দেওয়া, সামরিক সরঞ্জাম অপেক্ষাকৃত দুর্গম বা দূরবর্তী স্থানে সরিয়ে নেওয়া এবং গোপন ও ভূগর্ভস্থ অবস্থানের ওপর অধিকতর নির্ভর করার মতো কৌশল নিয়েছে যুক্তরাষ্ট্র।
বিবৃতিতে বলা হয়, ‘ইরানি জনগণের প্রতিরোধ ও সাহসিকতা এবং ভৌগোলিক অবস্থানের কৌশলগত ও বুদ্ধিদীপ্ত ব্যবহার ওয়াশিংটনের প্রথাগত সামরিক মোতায়েন ব্যবস্থাকে ক্রমশ ব্যয়বহুল ও অকার্যকর করে তুলেছে।
এতে আরো বলা হয়, সেন্টকমের ঘাঁটিগুলো খালি ও নিষ্ক্রিয় করা, নিরাপত্তার আশায় জর্ডানে সেনা স্থানান্তর, ক্ষয়ক্ষতির শিকার হওয়া, গোয়েন্দা ও সামরিক সরঞ্জাম আরো দূরবর্তী স্থানে সরিয়ে নেওয়া এবং গোপন ও ভূগর্ভস্থ অবস্থানের দিকে সরে আসার মতো পদক্ষেপগুলো যুক্তরাষ্ট্রের ওপর উল্লেখযোগ্য ব্যয় ও চাপের বোঝা সৃষ্টি করেছে।
আইআরজিসি আরো জানায়, এসব ঘটনাপ্রবাহ ইরানের কাছাকাছি এলাকায় যুক্তরাষ্ট্রের প্রথাগত ও দৃশ্যমান সামরিক উপস্থিতি বজায় রাখার ক্ষেত্রে ক্রমবর্ধমান চ্যালেঞ্জকেই তুলে ধরে।
সূত্র: আল জাজিরা
আরএ