মিসরের রাজধানী কায়রোর পশ্চিমে একটি পর্যটকবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩৪ জন। মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
দেশটির সংবাদপত্র আল-আহরাম জানায়, কায়রো-আসিউত ওয়েস্টার্ন ডেজার্ট সড়কে বাস ও ট্রাকের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ১৩ জন নিহত এবং ৩৪ জন আহত হয়েছেন।
বার্তা সংস্থা এএফপির এক সংবাদদাতা জানান, দুর্ঘটনার পর একটি ক্রেনের সাহায্যে দুমড়ে-মুচড়ে যাওয়া বাসটি সরানো হয়। সংঘর্ষে বাসটির সামনের সম্পূর্ণ অংশ ছিন্নভিন্ন হয়ে যায়। সড়কজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে ছিল বাসের ভাঙা ধাতব অংশ ও অন্যান্য ধ্বংসাবশেষ।
আল-আহরামের প্রতিবেদনে বলা হয়, আহত ব্যক্তিদের গিজা এলাকার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
মিসরে সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে। বেপরোয়া গাড়ি চালানো, যানবাহনের যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব এবং ট্রাফিক আইন প্রয়োগে দুর্বলতাকে এসব দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়।
দেশটির সরকারি পরিসংখ্যান সংস্থার তথ্য অনুযায়ী, গত বছর মিসরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৬ হাজার মানুষ নিহত হয়েছে।
সূত্র: আরব নিউজ
আরএ