আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছে। সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটি আশঙ্কা প্রকাশ করেছে এসব স্থাপনায় যথাযথ নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা কার্যকর নেই। এদিকে, শর্ত না মানলে পরমাণু স্থাপনায় আইএইএকে প্রবেশের অনুমতি দিবে না বলেছে ইরান। খবর আলজাজিরার।
গত বছরের সেপ্টেম্বর মাসে সর্বশেষ ইরান সফর করেন আইএইএর পরিদর্শকেরা। সে সময় তারা বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেন। তবে বাস্তবে এই কেন্দ্রটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজে ব্যবহৃত কোনো স্থাপনা নয়। ফলে বুশেহর নিয়ে সরাসরি কোনো উদ্বেগ নেই।
আইএইএর মূল উদ্বেগের বিষয় হলো নাতাঞ্জ, ফোরদো ও ইসফাহানের পারমাণবিক স্থাপনাগুলো। যুদ্ধ শুরুর পর থেকে এসব স্থাপনায় আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশের অনুমতি বন্ধ রেখেছে ইরান।
এ পরিস্থিতিতে আইএইএ বলছে, এসব স্থাপনায় কোনো ধরনের পারমাণবিক কার্যক্রম চলছে কি না, তা যাচাই করতে জরুরি ভিত্তিতে পরিদর্শকদের প্রবেশের অনুমতি দিতে হবে।
অন্যদিকে ইরানের বক্তব্য, দেশটি এখন যুদ্ধাবস্থার মধ্যে রয়েছে এবং প্রতিনিয়ত হুমকির মুখে রয়েছে। তাই বিষয়টি যথাযথভাবে সমাধান করতে হবে।
ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বোমা হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোতে আইএইএর পরিদর্শকদের প্রবেশ করতে দেওয়া হবে না।
এমএমআর