হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হুথিদের চাপে সৌদি জোট, কমান্ডার বদলালেন বাদশাহ সালমান

আলজাজিরা

ছবি: এএফপি

ইয়েমেনে ইরান সমর্থিত হুথিদের অগ্রযাত্রায় চাপে পড়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। লোহিত সাগর উপকূলের বিভিন্ন এলাকা থেকে জোটের বাহিনী পিছু হটে ইয়েমেনের অন্তর্বর্তী রাজধানী এডেনের প্রতিরক্ষা জোরদারে মনোযোগ দেওয়ার মধ্যে বাহিনীর কমান্ডার পরিবর্তন করেছে সৌদি আরব।

সোমবার দেশটির বাদশাহ সালমান এক রাজকীয় আদেশে জেনারেল ফাইয়াদ আল-রুওয়াইলিকে নতুন কমান্ডার হিসেবে নিয়োগ দিয়েছেন।

সৌদি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

এর আগে লেফটেন্যান্ট জেনারেল ফাহদ বিন হামাদ আল-সালমানকে কমান্ডারের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। বাহিনী প্রত্যাহারের এক দিন পর তাকে সৌদি প্রতিরক্ষামন্ত্রীর সামরিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ইয়েমেনে পশ্চিমা সমর্থিত সরকার রোববার জানিয়েছে, বাব আল-মান্দেব প্রণালির কাছের বিভিন্ন এলাকা থেকে জোটের বাহিনী প্রত্যাহার করা হচ্ছে। ইয়েমেনের অন্তর্বর্তী রাজধানী এডেনের প্রতিরক্ষা জোরদার করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধের কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় সৌদি আরবের তেল রপ্তানির জন্য বাব আল-মান্দেব এখন গুরুত্বপূর্ণ পথ হয়ে উঠেছে।

এই পিছু হটা হুথিদের বিরুদ্ধে সৌদি-সমর্থিত সামরিক অভিযানের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। গত জুলাইয়ে ইয়েমেনের গৃহযুদ্ধ নতুন করে শুরু হওয়ার পর থেকে হুথিরা সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে।

গত সেপ্টেম্বরে হুথিদের এক অভিযানে ইয়েমেন সরকার লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ হারায়। গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখাও তাদের দখলে চলে যায়। পরে হুথিদের আরও অগ্রযাত্রার ফলে তাইজ শহরও পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়ে।

চলতি গ্রীষ্মে বাব আল-মান্দেব প্রণালি ও লোহিত সাগর উপকূলের দিকে হুথিদের অগ্রযাত্রার পর সৌদি নেতৃত্বাধীন জোটের সমর্থনে সরকারি বাহিনী দ্রুত ওই অঞ্চলের কয়েকটি গুরুত্বপূর্ণ অবস্থান পুনর্দখল করে। তবে মোখা পুনর্দখলে তারা ব্যর্থ হয়।

ইয়েমেন সরকার দাবি করেছে, ‘অপারেশন ডন অব ইয়েমেন’-এর অংশ হিসেবে তারা ১৭৩ জন হুথি যোদ্ধাকে হত্যা অথবা আহত করেছে। এ ছাড়া মারিব, লাহিজ ও আল-জাওফ প্রদেশে হুথিদের সঙ্গে তাদের লড়াই হয়েছে।

তবে এখন বাব আল-মান্দেব প্রণালির কাছের নিজেদের নিয়ন্ত্রণে থাকা এলাকা থেকেও সরকারি বাহিনী সরে যাচ্ছে। এডেনের চারপাশে প্রতিরক্ষা জোরদারের প্রস্তুতি নিচ্ছে তারা। হুথি যোদ্ধারা শহরটির ৬০ কিলোমিটার উত্তরে পৌঁছে যাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাহিনী প্রত্যাহারের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়েছেন ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র মাজেদ আল-নুজাইলি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এই প্রত্যাহার বৃহত্তর কৌশলগত পদক্ষেপের অংশ।

তিনি বলেন, ‘এই পুনর্বিন্যাস অন্তর্বর্তী রাজধানী এডেনের সুরক্ষায় গণপ্রতিরোধ বাহিনী ও দক্ষিণাঞ্চলীয় বাহিনীর বীরত্বপূর্ণ অবস্থানেরই ধারাবাহিকতা।’

এদিকে সংঘাত চলতে থাকায় বেসামরিক মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। হুথি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম জানিয়েছে, রাজধানী সানায় সৌদি নেতৃত্বাধীন জোট বিমান হামলা চালিয়েছে। ২০১৪ সালে ইরান-সমর্থিত হুথিরা সানার নিয়ন্ত্রণ নেয়। এ ছাড়া তাইজে একটি স্কুলে হামলায় একজন নিহত হয়েছেন বলে দাবি করেছে সংবাদমাধ্যমটি।

অবরুদ্ধ তাইজ শহরের কর্তৃপক্ষ বেসামরিক মানুষকে সরিয়ে নেওয়ার জন্য মানবিক করিডর চালুর আহ্বান জানিয়েছে। জ্বালানি ও অক্সিজেনের সংকটে আগামী দুই দিনের মধ্যে শহরের হাসপাতালগুলো চিকিৎসাসেবা বন্ধ করতে বাধ্য হতে পারে বলে সতর্ক করেছেন চিকিৎসা কর্মকর্তারা।

এর আগে সোমবার সৌদি আরব জানিয়েছে, মক্কা ও রিয়াদ অঞ্চল লক্ষ্য করে ছোড়া হুথিদের দুটি ড্রোন ভূপাতিত করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী।

এএম

হুথিদের ওপর ৬৬১ হামলা চালিয়েছে ইয়েমেনি বাহিনী

ইরান যুদ্ধ বন্ধের আহ্বান মার্কিন ডেমোক্র্যাট নেতা জেফ্রিসের

ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে দেব না: ভ্যান্স

গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭০ ফিলিস্তিনির লাশ, গণকবরে দাফন

হুথিদের ছোড়া দুই ড্রোন ভূপাতিতের দাবি সৌদির

ইসরাইলবিরোধী কাউকে সিনেট নেতা করলে ডেমোক্র্যাট ছাড়ার ইঙ্গিত ফেটারম্যানের

ইসরাইলের নতুন ডেপুটি স্পিকার ফিলিস্তিনি বংশোদ্ভূত কে এই আহমাদ তিবি

যুক্তরাষ্ট্রই আগ্রাসন-হুমকির পথ বেছে নিয়েছে, কূটনীতিতে অটল ইরান

যুক্তরাষ্ট্র-ইসরাইলের মতো রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ চালাচ্ছে না ইরান: বাঘাই

মুসলিমদের সামরিক শক্তি শত্রুর মনে ভীতি সৃষ্টির পর্যায়ে উন্নীত করতে হবে: আয়াতুল্লাহ শিরাজি