হোম > সারা দেশ > বরিশাল

বরিশাল শ্রমিক নেতাকে বাসমালিক গ্রুপের সভাপতির মারধর

শ্রমিক ইউনিয়ন দখল চেষ্টার অভিযোগ

বরিশাল অফিস

ছবি: আমার দেশ

বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি ও সদ্য নব নির্বাচিত বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ারের ভাই মোশারফ হোসেনের বিরুদ্ধে আরজু মৃধা নামের এক শ্রমিক নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। শ্রমিক ইউনিয়ন দখল চেষ্টার অভিযোগ এনে তাকে মারধর করা হয়।

মঙ্গলবার রাতে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মোশারফ হোসেনসহ উভয় পক্ষকে হেফাজতে নেয়। পরে উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়ে ঘণ্টাখানেক পর ছেড়ে দেওয়া হয়। এ নিয়ে শ্রমিকদের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।

স্থানীয় সূত্র জানায়, ৫ আগস্টের পর বরিশাল বাস মালিক গ্রুপের নিয়ন্ত্রণ নেন, সদ্য নব নির্বাচিত বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ারের ভাই মোশারফ হোসেন ও তার দলবল। বাস স্টান্ড দখল নিয়েই বাস মালিক গ্রুপের স্বঘোষিত সভাপতি হন মোশারফ হোসেন। সভাপতি হওয়ার পর আওয়ামী লীগের লোকদের নিয়ে তিনি সিন্ডিকেট গড়ে তোলেন বলে অভিযোগ ওঠে।

বিশেষ করে সাবেক মেয়র সাদিক আবদুল্লাহর অন্যতম সহযোগী মোস্তফা কামালকে দিয়ে তিনি ইউনিয়ন পরিচালনা করছেন। বিগত ১৭ বছর যারা নির্যাতনের শিকার হয়েছেন, তাদের তিনি নানানভাবে হয়রানি করছেন এমন অভিযোগ ওঠে সভাপতি মোশারফ হোসেনের বিরুদ্ধে। এ নিয়ে বাস মালিক গ্রুপসহ শ্রমিক ইউনিয়নের নেতাদের মধ্যেও তীব্র ক্ষোভ আর অসন্তোষ বিরাজ করছিল।

মারধরের শিকার বরিশাল জেলা শ্রমিক দলের সদস্য ও নথুল্লাবাদ শ্রমিক ইউনিয়নের সদস্য আরজু মৃধা সাংবাদিকদের জানান, বাস মালিক গ্রুপের সভাপতি মোশারফ হোসেন বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় কোনো আন্দোলন সংগ্রামে ছিলেন না।

এর পরও তিনি প্রভাব খাটিয়ে ২৪-এর ৫ আগস্টের পর বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি হন। সভাপতি হয়ে আওয়ামী লীগের লোকদের নিয়ে সিন্ডিকেট পরিচালনা করেছেন। বিগত ১৭ বছর আমরা যারা নির্যাতনের শিকার হয়েছি, তাদের তিনি হয়রানি করছেন। তিনি বলেন, আমি এর প্রতিবাদ করায় জুলাই অভ্যুত্থানের পর আমাকে শ্রমিক ইউনিয়নে প্রবেশ করতে দেওয়া হয়নি।

আরজু মৃধা আরো বলেন, দীর্ঘদিন পর বুধবার রাতে আমি নথুল্লাবাদ বাস টার্মিনালে শ্রমিকদের নিয়ে ইউনিয়ন কার্যালয়ে যাই। এ সময় কয়েকজনে মিলে আমরা চায়ের আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ করেই মালিক গ্রুপের সভাপতি মোশারফ হোসেন এবং শ্রমিক ইউনিয়নের কথিত সাধারণ সম্পাদক মোস্তাফাসহ কয়েকজন এসে আমার ওপর অতর্কিত হামলা শুরু করে। এসময় আমার সাথে থাকা অন্যরা এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়।

মারধরের কথা স্বীকার করে বাস মালিক গ্রুপের সভাপতি মোশাররফ হোসেন বলেন, জুলাই অভ্যুত্থান-পরবর্তী বিভিন্ন লোক সমন্বয়ক পরিচয় দিয়ে সমিতিতে চাঁদাবাজি করে আসছিলেন। আর এসব চাঁদাবাজদের সহযোগিতা করেছেন শ্রমিক নেতা আরজু মৃধা।

তিনি বলেন, মঙ্গলবার রাতে আরজু শ্রমিক ইউনিয়ন দখলের চেষ্টা করে। সে শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের চেয়ারে বশে শ্রমিক ইউনিয়ন দখল করতে চেয়েছিল। এজন্য তাকে হালকা মারধর করে ইউনিয়ন থেকে বের করে দেওয়া হয়েছে। মারধর কেন করা হয়েছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যে দখল করতে আসে তাকে তো আর আদর-আপ্যায়ন করে সরানো যাবে না।’

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুস সালাম বলেন, শ্রমিক ইউনিয়নের চেয়ারে বসা নিয়ে মালিক এবং শ্রমিকদের মধ্যে একটু ঝামেলা হয়েছিল। উভয় পক্ষের ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মুজিবের ভাস্কর্য পরিষ্কার, দলীয় ব্যানার টাঙিয়ে স্লোগান

পাঁচ মন্ত্রী-প্রতিমন্ত্রী পেয়ে উন্নয়নের প্রত্যাশায় বরিশালের মানুষ

মেজর হাফিজকে মন্ত্রী করায় তজুমদ্দিনে আনন্দ মিছিল

ইন্দুরকানীতে দুজনকে কুপিয়ে জখম, প্রতিবাদে মানববন্ধন ‎

উজিরপুররে পৃথক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু

দশমিনায় আ. লীগ কার্যালয় উদ্বোধনের ৪ ঘণ্টা পর ভাঙচুর

জামায়াতে ভোট দেয়ায় জাসদ নেতাকে মারধর, বহিষ্কার দুই যুবদল নেতা

সমর্থকদের প্রতি শামীম সাঈদীর কৃতজ্ঞতা প্রকাশ

দুর্বৃত্তের হামলায় পিরোজপুরে বিএনপির দুই নেতা গুরুতর জখম

পর্যটন ব্যবসায় ধস নামার আশঙ্কা