ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে পটুয়াখালীর কলাপাড়ায় গত বুধবার রাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। একই সঙ্গে কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে পায়রাসহ দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার সকালে আবহাওয়া অধিদপ্তরের ২১ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। সকাল ছয়টায় ঘূর্ণিঝড়টির কেন্দ্র ১৮ দশমিক ৪ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৪ দশমিক ৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছিল।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ঘূর্ণিঝড়টির কেন্দ্র পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৩০ কিলোমিটার, মোংলা থেকে ৭০০ কিলোমিটার, চট্টগ্রাম থেকে ৮৮৫ কিলোমিটার এবং কক্সবাজার থেকে ৮৬৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উত্তর অন্ধ্র ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে।
ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার। দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে এ গতিবেগ ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়কেন্দ্রের কাছাকাছি সাগর খুবই উত্তাল রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এ পরিস্থিতিতে পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশনা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে শুক্রবার দুপুর একটা পর্যন্ত দেশের ১০ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জেলাগুলো হলো বরিশাল, পটুয়াখালী, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার। এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।
মহিপুর মৎস্য আড়ত সমবায় সমিতির ভারপ্রাপ্ত সভাপতি রাজু আহমেদ রাজা মিয়া বলেন, সাগরে মাছ ধরতে যাওয়া জেলেদের সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে মাছ আহরণ ব্যাহত হলে জেলেদের আয়-রোজগারেও প্রভাব পড়তে পারে।