হোম > সারা দেশ > চট্টগ্রাম

টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে নারী-শিশুসহ ৮ জন উদ্ধার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফে মানব পাচারের জন্য জড়ো করা নারী, পুরুষ ও শিশুর একটি দলকে উদ্ধার করেছে সেনাবাহিনী নেতৃত্বাধীন যৌথ বাহিনী।

রোববার মধ্যরাত সাড়ে ১২টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকায় অভিযান চালিয়ে পাঁচ নারী, দুই পুরুষ ও ৮ মাস বয়সি এক শিশুসহ মোট আটজনকে উদ্ধার করা হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের নেতৃত্বাধীন যৌথ বাহিনী এই অভিযান চালায়।

যৌথ বাহিনী সূত্রমতে, ৭০ থেকে ৮০ জন নারী, পুরুষ ও শিশুকে সমুদ্রপথে নৌকাযোগে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পাচারের জন্য টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকায় জড়ো করা হয়েছিল। এমন গোয়েন্দা তথ্য পাওয়ার পর যৌথ বাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।‌ এ সময় পাচারকারীরা কয়েকজন ভুক্তভোগীকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

তাদের দাবি, অভিযানকালে নৌকা নিয়ে সমুদ্রের দিকে পালানোর সময় পাচারকারিরা যৌথ বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় যৌথ বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালান। পরে পাচারকারীরা ঘটনাস্থলে পাচারের জন্য জড়ো করা ব্যক্তিদের ফেলে পালিয়ে যায়।

অভিযান শেষে ঘটনাস্থল থেকে পাঁচ নারী, দুই পুরুষ ও ৮ মাস বয়সি এক শিশুকে উদ্ধার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

উদ্ধার হওয়া ব্যক্তিদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

যৌথ বাহিনী জানায়, মানব পাচারকারী ও মাদক কারবারিদের বিরুদ্ধে সেনাবাহিনীর নেতৃত্বে সমন্বিত অভিযান অব্যাহত রয়েছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযানের পাশাপাশি অপরাধীদের ব্যবহৃত সম্ভাব্য এলাকা ও রুটগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে।

সূত্রমতে, এসব অভিযানে ইতোমধ্যে উল্লেখযোগ্যসংখ্যক অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। চিহ্নিত অপরাধী চক্রের মূল হোতাদের শনাক্ত ও গ্রেপ্তারের কার্যক্রমও চলমান রয়েছে।

টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, সেনাবাহিনী রোববার রাতে মালয়েশিয়াগামী আটজন ভুক্তভোগীকে থানায় হস্তান্তর করেছে। তাদের বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সাদিক কায়েমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, জেলা জামায়াতের ক্ষোভ

বিজিবির বিশেষ অভিযানে শতাধিক আইইডি বোমা, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

বিদেশি পিস্তল ও গুলিসহ ফেনীর দুই চোরাকারবারি গ্রেপ্তার

সাদিক কায়েমের বাড়িতে পেট্টোলবোমা মেরে অগ্নিসংযোগ

নান্দনিক চট্টগ্রাম গড়তে নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান ডিসির

আগুন সন্ত্রাস ও নৈরাজ্য করলে ছাড় দেওয়া হবে না: পরিবেশমন্ত্রী

বিএনপির মিছিলে আ.লীগের হামলা, ৩ মোটরসাইকেলে আগুন

দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সশস্ত্র বাহিনী ভবিষ্যতেও অগ্রগামী ভূমিকা রাখবে

পানি উৎপাদন বাড়াতে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা চায় চট্টগ্রাম ওয়াসা

আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সুযোগ নেই: সেলিম ভূঁইয়া