দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্য, নাশকতা ও অগ্নিসংযোগের প্রতিবাদে চট্টগ্রামের বাঁশখালীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
রোববার বিকেলে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের প্রেমবাজারে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিকের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বাঁশখালীর বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মী অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মফিজুর রহমান আশিক বলেন, গত ১০ নভেম্বর থেকে গোপালগঞ্জ, মাদারীপুর ও ফরিদপুরসহ দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিএনপির কার্যালয় ও শতাধিক বাড়িঘরে অগ্নিসংযোগসহ নানা সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে। এসব নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে।
তিনি আরো বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ধৈর্য ও সংযমের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছেন। তবে বাঁশখালীতে কোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা নাশকতা সৃষ্টির চেষ্টা করা হলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তা প্রতিহত করবে।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে চট্টগ্রাম মহানগর যুবদল নেতা আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরানুল হক ও এসএম আশেক উল্লাহ, বাঁশখালী পৌরসভা ছাত্রদল নেতা জিহান, উপজেলা যুবদলের সদস্য জুনায়েদসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিলটি প্রেমবাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।