চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার সিনেমা প্যালেস এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল শুরুর পরপরই চারদিক থেকে ঘিরে ফেলে পুলিশ। এতে মিছিলকারীরা পালানোর কোনো সুযোগ পাননি। এ সময় ঘটনাস্থল থেকে ফেসবুকে সরাসরি সম্প্রচার (লাইভ) করা কয়েকজনসহ মোট ২০ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার জুমার নামাজের পর দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, জুমার নামাজ শেষে সিনেমা প্যালেস এলাকায় জড়ো হন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। একপর্যায়ে তারা মিছিল বের করেন। তবে মিছিল শুরু হওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলের চারপাশ ঘিরে ফেলে। এতে মিছিলকারীরা সেখান থেকে সরে যাওয়ার সুযোগ পাননি। এ সময় মিছিলের কয়েকজন ফেসবুকে সরাসরি সম্প্রচার করছিলেন। তাদেরও আটক করা হয়। পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে মোট ২০ জনকে আটক করে পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপকমিশনার মো. হাবিবুর রহমান প্রামাণিক বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা সিনেমা প্যালেস এলাকায় মিছিল করার চেষ্টা করেছিলেন। তবে পুলিশের আগাম অবস্থানের কারণে তারা মিছিল করতে পারেননি। অভিযান চালিয়ে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ২০ জনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।