মধ্যরাতে জুয়ার আসরে অভিযান
চট্টগ্রামের সীতাকুণ্ডে গভীর রাতে জুয়ার আসরে অভিযান চালিয়ে তিন জুয়াড়িকে আটক করেছে উপজেলা প্রশাসন। জেলা এনএসআই চট্টগ্রামের গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে আটক ব্যক্তিদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১১টা থেকে রাত ১২টা ১৫ মিনিট পর্যন্ত উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের গামারিতল এলাকায় সোহেল ট্রান্সপোর্টের একটি টিনশেড ঘরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় জুয়ার আসর চলাকালে হাতেনাতে তিনজনকে আটক করা হয়। তবে অভিযানের খবর টের পেয়ে আরও একজন পালিয়ে যায়।
অভিযানে নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলাম। এ সময় সীতাকুণ্ড মডেল থানা পুলিশ ও আনসার সদস্যরা অভিযানে অংশ নেন।
আটককৃতরা হলেন, নাজিম উদ্দিন (৪৮), পিতা মৃত আবুল হায় সওদাগর, বাড়ি কদমরসুল, সোনাইছড়ি; মো. আজম (২৬), পিতা মৃত আবু তাহের, বাড়ি শীতলপুর, সোনাইছড়ি এবং মো. কামাল (৫৮), পিতা মো. শাহ আলম, বাড়ি রামগতি আলেকজান্ডার, নোয়াখালী।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ করে এনএসআইয়ের দেওয়া তথ্য অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়। সেখানে কয়েকজনকে জুয়ারত অবস্থায় পাওয়া যায়। একজন পালিয়ে গেলেও বাকি তিনজনকে আটক করা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, আটক ব্যক্তিরা জুয়া খেলার বিষয়টি স্বীকার করেছেন। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে প্রচলিত জুয়া আইনে প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এমএইচ