চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলটির প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনি কার্যক্রম তো নির্বাচনকে কেন্দ্র করেই সীমাবদ্ধ থাকবে। এখন মানুষের আগ্রহ আগামী দিনে তারা কী পাবে। রাজনৈতিক দল হিসেবে স্বাভাবিকভাবেই আমাদের অগ্রাধিকার জনগণের ভবিষ্যৎ, তাদের নিরাপত্তা, জীবিকা-এসবের দিকেই সরে গেছে। নির্বাচন সামনে রেখে জনগণ জানতে চাইছে, তাদের জন্য আমরা কী পরিকল্পনা নিয়েছি। এই বাস্তবতায় আগের কিছু বিষয় প্রাধান্য না পাওয়াটাই স্বাভাবিক।
সোমবার চট্টগ্রামের মেহেদিবাগে আমীর খসরু নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। নিজের চট্টগ্রাম-১১ আসনের তার পরিকল্পনা ও ইশতিহার জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
জাময়াতের সঙ্গে জোট সরকার গঠনের বিষয়ে আমীর খসরু বলেন, দর্শনগতভাবে মিল থাকতে হবে। আগামীর কর্মসূচির সাথে একমত হতে হবে। আমরা ৩১ দফা সংস্কার দিয়েছি, ৪২ দল মিলে। তারেক রহমান সাহেব ওনার পরিকল্পনা তুলে ধরেছেন। এরসঙ্গে সম্পৃক্ত হলে আলাপ আলোচনায় আসতে পারে। সেটা তাও হবে কি-না আমি বলতে পারবো না। যদি সংগতিপূর্ণ হয় তখন দল আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিবে।
আমীর খসরু ১১ আসনের ১১টি ইশতেহার ঘোষণা করেন। সেগুলো হলো- ১২০০ বেডের হাসপাতাল, বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র, মাতৃসেবা উন্নয়ন। বেকারত্ব ও দক্ষতা উন্নয়ন-ফ্রিল্যান্সিং, ভোকেশনাল ট্রেনিং, ক্ষুদ্র উদ্যোগ। নিরাপদ এলাকা ও আইন–শৃঙ্খলা। বিশেষ করে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি দমন। ভূগর্ভস্থ পানি সংকট নিরসন, যানজটমুক্ত চট্টগ্রাম, মাদকমুক্ত এলাকা গঠন, পরিবেশ ও বায়ুদূষণ, টেকসই ও নিরাপদ রাস্তা–পরিবহন, বন্দর ব্যবহারের আধুনিকায়ন ও নাগরিক সেবা ডিজিটালাইজেশন।