আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোহাম্মদ আসলাম চৌধুরীর প্রতি মুক্তিযোদ্ধাদের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসার প্রকাশ ঘটেছে। ধানের শীষ প্রতীকে তাকে বিজয়ী করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন বীর মুক্তিযোদ্ধারা।
রোববার দুপুরে সীতাকুণ্ড মুক্তিযোদ্ধা কমান্ড সংসদ কার্যালয় প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধাদের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় এ অঙ্গীকার ব্যক্ত করা হয়।
আসলাম চৌধুরীর পক্ষে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তার সহোদর ভাই, বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ)-এর সভাপতি আমজাদ হোসেন চৌধুরী।
সভায় বিভিন্ন ইউনিটের বীর মুক্তিযোদ্ধারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তাদের বক্তব্যে উঠে আসে আসলাম চৌধুরীর ত্যাগী রাজনৈতিক জীবন, দীর্ঘ কারাবরণ এবং মানুষের প্রতি তার নিরবচ্ছিন্ন দায়বদ্ধতার কথা।
মুক্তিযোদ্ধারা বলেন, দীর্ঘদিন কারা নির্যাতনের শিকার হলেও আসলাম ভাই কখনো মানুষের পাশ থেকে সরে যাননি। জেলখানার নির্যাতন তাকে দমাতে পারেনি, বরং আরও মানবিক ও দৃঢ় করেছে।
তারা আরও বলেন, স্বাধীনতার চেতনায় বিশ্বাসী, গণতন্ত্রের প্রশ্নে আপসহীন এবং নির্যাতিত একজন নেতার হাতেই এলাকার ভবিষ্যৎ নিরাপদ। সে কারণেই আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আসলাম চৌধুরীকে জাতীয় সংসদে পাঠানোর দৃঢ় প্রত্যয় ঘোষণা করেন তারা।
সমাবেশে বক্তারা উল্লেখ করেন, যে মানুষটি জীবনের গুরুত্বপূর্ণ সময় কারাগারে কাটিয়েছেন মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষার সংগ্রামে, তিনিই প্রকৃত অর্থে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ ও লালন করেন।
প্রধান অতিথির বক্তব্যে বিএসবিআরএ সভাপতি আমজাদ হোসেন চৌধুরী বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান ও ভালোবাসা আসলাম চৌধুরীর রাজনীতির সবচেয়ে বড় শক্তি। এমপি না হয়েও তিনি আজীবন মানুষের জন্য কাজ করে গেছেন। নির্বাচিত হলে তিনি মুক্তিযোদ্ধা পরিবার, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন।
তিনি আরও বলেন, সীতাকুণ্ডকে একটি মানবিক, উন্নয়নবান্ধব ও সম্ভাবনাময় উপজেলায় রূপান্তর করাই আসলাম চৌধুরীর মূল লক্ষ্য।