কক্সবাজারের আলোচিত উপজেলা উখিয়ার পালংখালীতে ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও সাবেক ইউপি সদস্য নুরুল আমিনকে এলোপাতাড়ি কুপিয়ে ‘মৃত্যুশয্যাশায়ী’ করার ঘটনায় ১৮ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে।
মামলায় অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ জনকে আসামি করা হয়। আসামিদের মধ্যে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেত-কর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও রোহিঙ্গা আশ্রয়শিবিরের কয়েকজন রয়েছেন।
সোমবার রাতে মুমূর্ষু বিএনপি নেতা নুরুল আমিনের ছোট ভাই নুরুল আবছার বাদী হয়ে উখিয়া থানায় মামলাটি করেন।
মামলায় অভিযোগ তোলা হয়, হামলাকারীদের আঘাতে বিএনপি নেতা নুরুল আমিনের ডান চোখ চিরতরে নষ্ট হয়ে গেছে। একই সঙ্গে তার ৫টি দাঁত পড়ে গেছে। চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকা নুরুল আমিনের অবস্থা এখনো আশঙ্কাজনক নয় বলেও দাবি করা হয়।
মামলার আসামিরা হলেন- কক্সবাজার জেলা যুবলীগের সাবেক সদস্য সাইফুদ্দিনের ভাই ও আওয়ামী লীগ নেতা রফিক উদ্দিন (৪৬), স্থানীয় ওয়ার্ড যুবলীগের সদস্য সরওয়ার কামাল (৪২), পালংখালী ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. আলমগীর (২৮), বর্তমান জামায়াত নেতা ও সাবেক যুবলীগ নেতা সাইফুদ্দিনের ভাই হেলাল উদ্দিন (৪৩), ছাত্রলীগ নেতা মিজানের পিতা মো. ইউছুপ (৪৮), সাবেক যুবলীগ নেতা ও স্থানীয় মনিয়া গ্রুপের পরিচালক নুরুল আকতার (৩০), জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মিজানুর রহমান (২৪), ইউনিয়ন ছাত্রলীগ নেতা রিফাত আল মোহাম্মদ নিশান (২৬), সন্ত্রাসী মনিয়া গ্রুপের প্রধান নুরুল হাকিম মনু (৪৮), ওয়ার্ড ছাত্রলীগ নেতা আবছার (২৪), জাহাঙ্গীর আলম (৩৫), মো. সাদ্দাম (৩০), স্থানীয় ওসমান গ্রুপের সহযোগী ও ছাত্রলীগ কর্মী হারুন রশিদ (২৩), খাইরুল আমিন (৪২), এজাজুল হাসান (১৯), নুর আলম (৬০) ও মো. সেলিম (৪৫)।
এদের মধ্যে খাইরুল আমিন, এজাজুল হাসান ও নুর আলম উখিয়া ১৩ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবির এবং মো. সেলিম ১০ নম্বর রোহিঙ্গা শিবিরের বাসিন্দা।
এজাহার অনুযায়ী, আসামিদের মধ্যে প্রথম ১৪ জন পালংখালী ইউনিয়নের তাজনিমার খোলা, ঘোনারপাড়া ও পশ্চিম থাইংখালী এলাকার বাসিন্দা।
এজাহার সূত্রমতে, গত ০৮ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে পালংখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তাজনিমার খোলা পাড়ার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের চেকপোস্টের সামনে পূর্বপরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নুরুল আমিনের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় হামলাকারীদের হাতে চাইনিজ কুড়াল, কিরিচ, ছোরা, লোহার হাতুড়ি ও রড ছিল।
এজাহারের অভিযোগ, হামলাকারীদের এলোপাতাড়ি কোপ ও মারধরে নুরুল আমিনের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। এতে তাঁর ডান চোখ চিরতরে নষ্ট হয়ে গেছে এবং পাঁচটি দাঁত পড়ে গেছে।
একই ঘটনায় মিজানুর রহমানও গুরুতর আহত হন। এছাড়া নুরুল আমিনের টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে।
আহত নুরুল আমিনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাঁকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।
চিকিৎসাসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তাঁর শারীরিক অবস্থা এখনো আশঙ্কামুক্ত নয়।
এদিকে ঘটনার পরপরই অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে উখিয়া থানা পুলিশ।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান মজুমদার বলেন, নুরুল আমিনের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
এমএইচ