টানা ভারী বর্ষণ, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার উপকূলের জেলেপল্লি থেকে পাহাড়ের পাদদেশের দুর্গম জনপদ, সবখানেই এখন পানিবন্দি মানুষের দুর্ভোগ। কোথাও কোমরসমান পানিতে ডুবে আছে বসতঘর। সুপেয় পানির উৎস তলিয়ে যাওয়ায় দিনের পর দিন চুলা জ্বলছে না। শিশু, বৃদ্ধ ও অসুস্থদের নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটছে হাজারো পরিবারের। এ দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে শুরু থেকেই মাঠে রয়েছে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলামের নেতৃত্বে প্রশাসনের একাধিক দল উপকূলের জেলেপল্লি থেকে পাহাড়ঘেরা ত্রিপুরা পল্লি এমনকি দুর্গম জঙ্গল সলিমপুর এলাকায় পর্যন্ত ছুটে বেড়াচ্ছে ত্রাণ ও জরুরি সহায়তা নিয়ে।
উপজেলার জঙ্গল সলিমপুর আশ্রয়কেন্দ্র, ছিন্নমূল ও আলীনগর এলাকা, সলিমপুর, ভাটিয়ারী, সোনাইছড়ি, কুমিরা, বাঁশবাড়িয়া, বাড়বকুণ্ড, মুরাদপুর, সৈয়দপুর, বারৈয়াঢালা ইউনিয়ন এবং সীতাকুণ্ড পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে প্রশাসনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি, শুকনো খাবার, শিশুখাদ্য, স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হচ্ছে।