হোম > সারা দেশ > চট্টগ্রাম

পটিয়ায় ভিডিও ফটোগ্রাফারকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে ছিনতাই, আহত ২

উপজেলা প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)

চট্টগ্রামের পটিয়া উপজেলায় গভীর রাতে চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে এক ভিডিও ফটোগ্রাফারসহ দুই যুবককে গুরুতর আহত করেছে ছিনতাইকারীরা। এ সময় তাদের কাছ থেকে মোটরসাইকেল, ভিডিও ক্যামেরা, মোবাইল ফোন ও নগদ টাকাসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আরাকান মহাসড়কের পটিয়া উপজেলার গৈড়লার টেক এলাকায় এ নৃশংস ছিনতাইয়ের ঘটনা ঘটে।

আহতরা হলেন চন্দনাইশ উপজেলার মহাজনঘাটা এলাকার বিজন দাশের ছেলে রনি দাশ (৩০) এবং পটিয়া উপজেলার শোভনদণ্ডী রশিদাবাদ এলাকার মো. তানভীর (২৯)। গুরুতর আহত অবস্থায় তাদের প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার রাতে চন্দনাইশে একটি সামাজিক অনুষ্ঠান শেষে ভিডিও ধারণের কাজ সম্পন্ন করে রনি দাশ ও তার সহযোগীরা মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। তারা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গৈড়লার টেক এলাকায় পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল ছিনতাইকারী তাদের পথরোধ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারীরা রনির ওপর চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। একই সময় তার সঙ্গে থাকা তানভীরকেও হকিস্টিক ও দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে গুরুতর জখম করা হয়।

এ সময় পেছনে থাকা অপর একটি মোটরসাইকেলে রনির কয়েকজন বন্ধু ঘটনাস্থলে পৌঁছালে ছিনতাইকারীরা দ্রুত রনির ব্যবহৃত মূল্যবান ভিডিও ক্যামেরা, মোবাইল ফোন, মোটরসাইকেল, নগদ অর্থ এবং অন্যান্য সরঞ্জাম নিয়ে পালিয়ে যায়। ছিনতাই হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ টাকা বলে জানা গেছে।

আহত রনির ছোট ভাই ইমন দাশ জানান, তার ভাই অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে ৪ থেকে ৫ জনের একটি সশস্ত্র ছিনতাইকারী দল তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা কাউকে কিছু বুঝে ওঠার বা চিৎকার করার সুযোগ না দিয়ে কুড়াল দিয়ে কোপাতে শুরু করে। একপর্যায়ে রনি মাটিতে লুটিয়ে পড়লে তারা মোটরসাইকেল, ভিডিও ক্যামেরা, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান সরঞ্জাম নিয়ে পালিয়ে যায়। ঘটনার পরপরই বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।

এদিকে, দেশের অন্যতম ব্যস্ততম এই মহাসড়কে এমন ভয়াবহ ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় বাসিন্দা, চালক ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত ছিনতাইকারী চক্রকে শনাক্ত করে গ্রেপ্তার এবং মহাসড়কে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, “ঘটনার বিষয়ে আমাদের টিম কাজ করছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সহায় সম্বলহীন মৃত রিকশাচালক পরিবারের পাশে দাঁড়ালেন ডিসি জাহিদ

পটিয়ায় হত্যা মামলায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

কুমিল্লা কারাগারে যুবদল কর্মীর মৃত্যু

হোস্টেলে ছাত্রের মৃত্যু, অধ্যক্ষের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

রোহিঙ্গাদের জন্য আরো ২০০ কোটি টাকা সহায়তা ঘোষণা

চলতি বর্ষায় নগরবাসীকে জলাবদ্ধতার শিকার হতে হবে না: সিডিএ চেয়ারম্যান

চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় চালক নিহত

শিবির নেতা জিসানের দুই আইনজীবীর এপিপি পদের নিয়োগ বাতিল

কুমিল্লায় কাভার্ডভ্যান থেকে ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার

মাটি কাটতে গিয়ে পাহাড়ধসে কিশোরের মৃত্যু