ফেনীতে তৎপরতা বাড়ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের। অর্থের জোগান, নেতৃত্ব ও হুমকি দিচ্ছেন জুলাই হত্যা মামলার আসামি ও দলটির পলাতক নেতারা। বুধবার (১৭ জুন) রাতে পুলিশ প্রশাসনকে হুমকি দিয়ে ফেসবুকে পোস্ট করেন ছাত্র-জনতা হত্যা মামলার পলাতক আসামি ও ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন নাসিম।
ওই পোস্টে তিনি লেখেন, ফেনীসহ সারা দেশের পুলিশ প্রশাসনকে বলছি, অনেক ভুয়া মামলা করেছেন, নিয়েছেন এবং চার্জশিট দিয়েছেন। এখনো মাত্রাতিরিক্ত অনেক কিছু করছেন। সবকিছুর হিসাব যথাযথভাবে রাখা হচ্ছে। তারেক রহমান যাবজ্জীবন সাজা নিয়ে ১৮ বছর পর ফিরে প্রধানমন্ত্রী হয়েছেন এ কথা যথাযথভাবে মনে রাখবেন। আমরাও অনন্তকাল বাইরে থাকব না। খুব তাড়াতাড়িই ফিরব। কল্পনাতীত কম সময়ের মধ্যেই। কারণ আমাদের নেতা শেখ হাসিনা। পদধ্বনি হয়তো শুনতে পাচ্ছেন। তাই নিজেদের ভবিষ্যৎ চিন্তা করে কাজ করুন। অতি তৎপরতা বা অপতৎপরতা দেখাতে গিয়ে নিজের এবং পরিবারের ভবিষ্যৎ বিপৎসঙ্কুল করবেন না। মনে রাখবেন, সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড়।
এর আগে একই দিন সকালে সদর উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে শহরের স্টেশন রোডে ঝটিকা মিছিল করেন দলটির কর্মী-সমর্থকেরা।
তাৎক্ষণিক নিজের ছবি সংবলিত ব্যানার নিয়ে করা মিছিলটির ভিডিও লিঙ্ক ফেসবুকে শেয়ার করে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান শেখ রেহানার ক্যাশিয়ার হিসেবে পরিচিত এই নাসিম।
যদিও কার্যক্রম নিষিদ্ধ দলটির পেজ থেকে মিছিলটি ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি শুসেন চন্দ্র শীলের নেতৃত্বে হয়েছে বলে দাবি করা হয়।
ফেনী পৌর যুবদল নেতা শরিফুল ইসলাম রাসেল ফেসবুকে লিখেছেন, নতুন এসপির প্রত্যুষ কুমারের চমক! শুসেন বাবুর নির্দেশনায় আজকে সকালে সদর উপজেলা আওয়ামী লীগের মিছিল।
সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নূর আলম সুফল লিখেছেন, ‘যেসব ছাত্রলীগ কর্মীদের আমরা সাথে নিয়ে ঘুরতেছি। ঐ ছাত্রলীগের কর্মীরাই আবার তাদের আগের নেতার কথায় আওয়ামী লীগের জন্য মিছিল করতেছে। দোষ কি ওই সব ছাত্রলীগের সাবেক কর্মীদের, নাকি আমরা বিএনপির নেতারা, যারা স্বার্থের জন্য তাদেরকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছি এবং সঙ্গে নিয়ে ঘুরতেছি?
ফেনী মডেল থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজীম বলেন, স্টেশন রোড়ে মিছিলে অংশগ্রহণকারী চারজনকে আটক করা হয়েছে। এ ব্যাপরে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। পুলিশের বিভিন্ন ইউনিট এ নিয়ে কাজ করছে। যেকোনো অবৈধ তৎপরতা শক্ত হাতে দমন করা হবে।
জেডএম