কুমিল্লায় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে জেলা পুলিশের সাঁড়াশি অভিযানে ১০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত তিন দিনে জেলার ১৮টি থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা, নাশকতা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। নিষিদ্ধ সংগঠনের সদস্যরা যাতে জানমালের নিরাপত্তা বিঘ্নিত করতে কিংবা নিষিদ্ধ কর্মকাণ্ডে অংশ নিতে না পারেন, সে লক্ষ্যেই জেলার বিভিন্ন স্থানে একযোগে অভিযান চালানো হয়।
যুবলীগ নেতা গ্রেপ্তার, ‘আমার লোক ছেড়ে দিতে হবে’ ওসিকে ছাত্রদল নেতার হুমকিপুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কোতোয়ালি মডেল থানায় ১৪ জন, সদর দক্ষিণ মডেল থানায় ৯ জন, চৌদ্দগ্রামে ৭ জন, চান্দিনায় ৬ জন, বুড়িচংয়ে ৮ জন, ব্রাহ্মণপাড়ায় ৩ জন, বরুড়ায় ৪ জন, লাকসামে ৭ জন, মনোহরগঞ্জে ২ জন, নাঙ্গলকোটে ৬ জন, দাউদকান্দিতে ১২ জন, তিতাসে ৪ জন, হোমনায় ৩ জন, মেঘনায় ১ জন, দেবিদ্বারে ৬ জন, মুরাদনগরে ৪ জন, বাঙ্গরা বাজারে ১ জন এবং লালমাইয়ে ৭ জন রয়েছেন।
এ ছাড়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।