চিকিৎসা নিতে হাসপাতালে আসা অসুস্থ মানুষ ও তাদের স্বজনরা সীতাকুণ্ডে প্রতিদিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক মারাত্মক ঝুঁকির মুখোমুখি হচ্ছেন। একদিকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, অন্যদিকে রোগী ও স্বজনদের যাতায়াতের মূল পথ—মাঝখানে অবস্থিত উঁচু সড়ক বিভাজক (ডিভাইডার)। নিরাপদে পথ পারাপারের নির্দিষ্ট ও সুগম ব্যবস্থা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে দ্রুতগতির যানবাহনের ফাঁক গলেই পার হতে হচ্ছে তাদের।
মহাসড়কে চলাচলের সুনির্দিষ্ট পথ না থাকায় অনেকেই উঁচু ডিভাইডার টপকাচ্ছেন, কেউ কেউ যানবাহনের গতি পর্যবেক্ষণ করে দৌড়ে সড়ক পার হওয়ার চেষ্টা করছেন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন শিশু, প্রবীণ, অন্তঃসত্ত্বা নারী, প্রতিবন্ধী ও গুরুতর অসুস্থ রোগীরা। রোগীদের পাশাপাশি হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদেরও প্রতিদিন একই রকম পথ চলার ঝুঁকি নিতে হচ্ছে। স্থানীয়দের তথ্যমতে, হাসপাতালে আসার পথে মহাসড়ক পার হওয়ার সময় হাসপাতালের কর্মচারী শফি মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। তাছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন।
সীতাকুণ্ডের এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি কেবল স্থানীয়দেরই সেবা দেয় না; এটি উপকূলীয়, পাহাড়ি ও পার্শ্ববর্তী মিরসরাই অঞ্চলের মানুষের চিকিৎসাসেবার অন্যতম কেন্দ্র। মহাসড়কের দুর্ঘটনাকবলিত ও শিল্পকারখানার শ্রমিকদের জরুরি চিকিৎসার জন্যও এখানে আনা হয়।
পারাপারের পাশাপাশি হাসপাতালের ঠিক সামনে সুনির্দিষ্ট ইউটার্ন না থাকায় জরুরি রোগী বহনকারী অ্যাম্বুলেন্সকে প্রায় ছয় কিলোমিটার বাড়তি পথ ঘুরে আসতে হয়। এতে সময়ের অপচয় এড়াতে কিছু যানবাহন উল্টো পথে যাতায়াত করছে। কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউদ্দিন জানান, দূরত্ব এড়াতে চালকদের উল্টো পথে গাড়ি চালানো অত্যন্ত বিপজ্জনক এবং এটি যেকোনো সময় মারাত্মক দুর্ঘটনা ঘটাতে পারে। তিনি কেবল আইন প্রয়োগের চেয়ে একটি কার্যকর ও নিরাপদ ইউটার্ন স্থাপনের ওপর জোর দেন।
পরিস্থিতি নিয়ে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিব্বীর আহমেদ প্রিন্স এবং স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. রাহাত নূর জানান, সড়কে পর্যাপ্ত আলোকসজ্জা, নির্দেশনামূলক সাইনবোর্ড ও নিরাপদ পারাপার নিশ্চিত করা এখন জরুরি দাবি।
অন্যদিকে, সড়ক ও জনপথ বিভাগের (চট্টগ্রাম) নির্বাহী প্রকৌশলী মাইদুল ইসলাম জানিয়েছেন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম সংলগ্ন এলাকার পাশাপাশি সীতাকুণ্ড হাসপাতালের সামনের এই সমস্যার বিষয়েও বিশেষজ্ঞ দলের সঙ্গে আলোচনা করা হবে। বিশেষজ্ঞদের সমীক্ষা ও পরামর্শ বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তবে স্থানীয়দের মতে, কেবল সাধারণ ফুটওভারব্রিজ নির্মাণ করা হলে সিঁড়ি বেয়ে ওঠানামা করা রোগী ও প্রবীণদের জন্য কঠিন হয়ে পড়বে। তাদের দাবি, হুইলচেয়ার ও স্ট্রেচার চলাচলের উপযোগী সুবিধা, র্যাম্প, পর্যাপ্ত আলো, সাইনবোর্ড এবং অ্যাম্বুলেন্সের নির্বিঘ্ন যাতায়াতের জন্য পরিকল্পিত ব্যবস্থা দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন।