ঢাকার ধামরাইয়ে ফের শুরু হয়েছে আওয়ামী লীগের তান্ডব, টানা দুই রাতে পৃথক স্থানে দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়রা বলছে, পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাদের কর্মীরাই এ ধরনের ঘটনা ঘটিয়ে যাচ্ছে। বাস দুটির প্রায় ৫ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুটি ঘটনায় ফায়ার সার্ভিসের উদ্ধার করা সম্পদের আনুমানিক মূল্য ৯ লাখ টাকা।
শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় স্কয়ার হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা পল্লী সেবা পরিবহনের একটি বাসে আগুন লাগিয়ে দেওয়া হয় । খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে ফায়ার সার্ভিসের কর্মীরা রাত সারে তিনটার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, বাসটির আনুমানিক ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় প্রায় ৫ লাখ টাকার সম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছে। বাসটির মালিক শহিদুল ইসলাম। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের ঘটনাটিকে নাশকতামূলক বলে উল্লেখ করেছে ফায়ার সার্ভিস।
এর আগের রাত শুক্রবার দিবাগত রাতেও ধামরাই থানা রোডে ধামরাই পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে মেরামতাধীন পাভেল পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত ৩টা ১০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
ওই ঘটনায় বাসটির আনুমানিক ২ লাখ টাকার ক্ষতি হয়েছে এবং ৪ লাখ টাকার সম্পদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে এ অগ্নিকাণ্ডের কারণ তদন্তসাপেক্ষ বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এ বিষয়ে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. স্বপন বলেন, আমি তো জানিই না পৌরসভার ভিতরে মহাসড়কের পাসে গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তিনি দুদিন পড়ে এখন বলেন খবর নিয়ে দেখবেন আসলে আগুন ধরেছে কি না।
পৌর বিএনপির ভারপাপ্ত সভাপতি আতুকুর রহমান বলেন, বাসে আগুন দেয়ার ঘটনা আওয়ামী লীগের লোক ছাড়া অন্য কারও কাজ নয়। পালিয়ে যাওয়া নেতাদের অর্ডারে দেশে অরাজকতা তৈরি করতেই এ ধরনের কাজ করে যাচ্ছে তারা ।
এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, দু'দিনে বাসে আগুন দেয়ার বিষয়ে একটির অভিযোগ পাওয়া গেছে, বাস মালিক অভিযোগ করেছেন, উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে। মামলা প্রক্রিয়াধীন।
আওয়ামী লীগের সম্পৃক্তা আছে কি না সে বিষয়ে তদন্ত চলমান রয়েছে।
টানা দুই রাতে মহাসড়ক ও এর আশপাশের এলাকায় পৃথক দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় বাসিন্দা ও পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সাধারণ মানুষের ভিতরে আতঙ্ক বিরাজ করছে।
এমএইচ