মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে গ্রামীণ ব্যাংকের যশলং শাখার বাউন্ডারি গেটে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এতে ব্যাংকের এক কর্মকর্তার মোটরসাইকেল ও একটি কাঠের বেঞ্চের অংশবিশেষ পুড়ে গেছে।
বৃহস্পতিবার ভোররাতে উপজেলার যশলং ইউনিয়নের পুরা বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যাংকের নৈশপ্রহরী আব্দুল মোতালেব (৫০) রাত আনুমানিক ২টার দিকে ব্যাংকের বাইরে গিয়ে আশপাশের এলাকা পর্যবেক্ষণ করেন। পরে তিনি ব্যাংকের ভেতরে গিয়ে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে বাইরে বের হলে বাউন্ডারি গেটের কাছে কেরোসিনের গন্ধ পান। এ সময় সেখানে রাখা ঢাকা মেট্রো-হ-৫৮-৫০২৬ নম্বরের একটি মোটরসাইকেলের পেছনের অংশ এবং গেটের পাশে থাকা কাঠের বেঞ্চের কিছু অংশ পোড়া দেখতে পান।
মোটরসাইকেলটি গ্রামীণ ব্যাংকের যশলং শাখার কর্মকর্তা মিজানুর রহমানের মালিকানাধীন বলে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে ক্ষতিসাধনের চেষ্টা করেছে।
টংগিবাড়ী দিঘিরপাড় তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু বক্কর সিদ্দিক বলেন, রাতে কে বা কারা গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা করেছে। তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আগুন দেওয়ার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানান।