হোম > সারা দেশ > ঢাকা

যে কারণে গোপালগঞ্জে বিকাশ-নগদের লেনদেন ব্যাহত, বিপাকে গ্রাহকরা

মনিরুজ্জামান শেখ জুয়েল, কোটালীপাড়া (গোপালগঞ্জ)

ঘাঘর বাজারের দাড়িয়া সুপারমার্কেটে বিকাশ কাস্টমার কেয়ার । ছবি: আমার দেশ

ঢাকার পোশাক কারখানায় শ্রমিকের কাজ করেন হেলেনা বেগমের স্বামী। সংসারের প্রয়োজন মেটাতে স্বামীর পাঠানো টাকাই তার ভরসা। বুধবার রাত ৯টার দিকে হঠাৎ বিকাশ অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ায় সেই টাকাও হয়ে পড়ে নাগালের বাইরে। জরুরি প্রয়োজনে টাকা তুলতে না পেরে দিশেহারা হয়ে পড়েন হেলেনা। সমস্যার সমাধান পেতে বৃহস্পতিবার সকালে কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজারের দাড়িয়া সুপারমার্কেটে বিকাশ কাস্টমার কেয়ারে ছুটে যান তিনি। সেখানে গিয়ে দেখেন, কাস্টমার কেয়ার বন্ধ। শেষ পর্যন্ত টাকা না তুলেই ফিরতে হয় তাকে।

হেলেনা বেগমের মতো এমন পরিস্থিতিতে পড়েছেন গোপালগঞ্জের শত শত গ্রাহক। কারও অ্যাকাউন্টে রয়েছে সংসার চালানোর টাকা, কারও প্রয়োজন চিকিৎসার খরচ, আবার কারও প্রতিদিনের ব্যবসার পুঁজি। কিন্তু মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ ও নগদের কার্যক্রম বন্ধ থাকায় প্রয়োজনের সময় নিজেদের টাকাই ব্যবহার করতে পারছেন না তারা।

শুধু কোটালীপাড়া নয়, জেলা শহর গোপালগঞ্জেও একই চিত্র দেখা গেছে। বৃহস্পতিবার সকালে শহরের বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে দেখা যায়, বিকাশ ও নগদের অধিকাংশ এজেন্টের দোকান বন্ধ। যেসব দোকান খোলা রয়েছে, সেখানেও হচ্ছে না কোনো ধরনের লেনদেন। বন্ধ রয়েছে জেলার প্রধান কাস্টমার কেয়ার সেন্টার ও অধিকাংশ ডিস্ট্রিবিউশন অফিস। সেবা নিতে এসে ফিরে যাচ্ছেন গ্রাহকরা।

বৃহস্পতিবার বিকেলে ঘাঘর বাজারের কাস্টমার কেয়ারের সামনে কথা হয় আরেক গৃহবধূ লাভলীর সঙ্গে। তিনিও একই সমস্যায় ভুগছেন। প্রয়োজনের টাকা তুলতে এসে বন্ধ কাস্টমার কেয়ারের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে। টাকা তুলতে না পারায় কীভাবে জরুরি প্রয়োজন মেটাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি।

কাস্টমার কেয়ারের সামনে অপেক্ষমাণ গ্রাহক জিল্লুর রহমান বলেন, সকাল থেকে টাকার জন্য বিভিন্ন দোকানে ঘুরছেন তিনি। কোথাও বলা হচ্ছে সার্ভার বন্ধ, কোথাও আবার জানানো হচ্ছে টাকা নেই। শেষ ভরসা হিসেবে কাস্টমার কেয়ারে এসে দেখেন সেটিও বন্ধ। জরুরি চিকিৎসার প্রয়োজনে টাকা পাঠাতে না পেরে বিপাকে পড়েছেন তিনি।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রফিকুল ইসলামও পড়েছেন একই দুর্ভোগে। তিনি জানান, বুধবার রাত থেকেই তার বিকাশ অ্যাকাউন্টে লেনদেন করতে পারছেন না। কল সেন্টারে যোগাযোগ করেও কোনো তথ্য বা সমস্যার কারণ জানতে পারেননি। বৃহস্পতিবার দুপুরে তার নম্বরে একটি বার্তা আসে, যেখানে অ্যাকাউন্টটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে বলে জানানো হয়।

রফিকুল বলেন, “বিকাশের মাধ্যমেই নিয়মিত লেনদেন করি। অ্যাকাউন্টে প্রয়োজনীয় টাকাও রয়েছে। কিন্তু এখন সেই টাকা ব্যবহার করতে পারছি না। কী কারণে অ্যাকাউন্ট বন্ধ হয়েছে, সেটিও জানতে পারছি না।”

কোটালীপাড়া উপজেলার পশ্চিমপাড়ের ক্ষুদ্র ব্যবসায়ী শফিকুলের দুশ্চিন্তা আরও ভিন্ন। প্রতিদিনের ব্যবসায়িক লেনদেন বিকাশ ও নগদের ওপর নির্ভরশীল তার। এজেন্ট ও ডিস্ট্রিবিউশন অফিস বন্ধ থাকায় টাকা ক্যাশ আউট করতে পারছেন না। কিছু নম্বরে এখনো লেনদেন সচল থাকায় সেগুলো ব্যবহার করে আপাতত কাজ চালাচ্ছেন তিনি। তবে এভাবে কত দিন ব্যবসা চালানো সম্ভব, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন।

আরেক গ্রাহক সুমন মিয়া বালা বলেন, নিরাপত্তাজনিত শঙ্কা অথবা কারিগরি ও প্রশাসনিক জটিলতার কারণে এজেন্ট ও ডিস্ট্রিবিউশন হাউসগুলো সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রেখেছে। তবে প্রকৃত কারণ জানতে না পারায় গ্রাহকদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

এদিকে বিকাশ ও নগদের কার্যক্রম বন্ধ থাকায় শুধু টাকা উত্তোলন নয়, জরুরি আর্থিক লেনদেনও ব্যাহত হচ্ছে। পরিবারের সদস্যদের কাছে টাকা পাঠানো, চিকিৎসার খরচ মেটানো কিংবা দৈনন্দিন কেনাকাটার মতো প্রয়োজনীয় কাজেও সমস্যায় পড়ছেন অনেকে। যাদের বিকল্প কোনো আর্থিক ব্যবস্থা নেই, তাদের দুর্ভোগ আরও বেশি।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে এজেন্ট ও ডিস্ট্রিবিউশন কর্মকর্তা ইমাম ফারুক বলেন, গোপালগঞ্জে লকডাউনকে কেন্দ্র করে সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রয়েছে। আগামী ৩০ নভেম্বর থেকে আবার কার্যক্রম চালু হতে পারে বলেও জানান তিনি।

তবে কবে নাগাদ স্বাভাবিক হবে লেনদেন, সে বিষয়ে নিশ্চিত তথ্য না থাকায় গ্রাহকদের উদ্বেগ কাটছে না। জরুরি প্রয়োজনে নিজেদের অ্যাকাউন্টে থাকা টাকা ব্যবহার করতে না পেরে অনেকেই পড়েছেন চরম আর্থিক অনিশ্চয়তায়।

গোপালগঞ্জে বিকাশ এজেন্টদের কার্যক্রম ৩০ নভেম্বর পর্যন্ত বন্ধের বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানের করপোরেট যোগাযোগ বিভাগের প্রধান শামসুদ্দিন হায়দার ডালিম আমার দেশকে বলেন, এ বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই।

ওই অঞ্চলের কিছু অ্যাকাউন্ট বন্ধের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এমএফএস গাইডলাইন অনুযায়ী বিভিন্ন নিয়মনীতি ও নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে গ্রাহকের অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিত করা হয়। কোনো অ্যাকাউন্টে অস্বাভাবিক বা সন্দেহজনক লেনদেন পরিলক্ষিত হলে কিংবা নীতিমালার অন্যান্য শর্ত লঙ্ঘিত হলে এ ব্যবস্থা নেওয়া হয়। এ ছাড়া প্রতিষ্ঠানের নিজস্ব পর্যবেক্ষণের পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থা বা আইন প্রয়োগকারী সংস্থার নির্দেশনা এবং তদন্তের স্বার্থেও অ্যাকাউন্ট স্থগিত করা হতে পারে। এটি সারা বছর ধরে চলমান একটি নিয়মিত প্রক্রিয়া। স্থগিত অ্যাকাউন্টগুলো তদন্ত ও যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে পুনরায় চালু করা হয়।

এমএইচ

টংগিবাড়ীতে গ্রামীণ ব্যাংকের গেটে আগুন, মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত

‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে পদত্যাগ করা সেই বিএনপি নেতা গ্রেপ্তার

ব্যবসায়ী হত্যা মামলায় ৬ আসামির যাবজ্জীবন

শ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: এমপি বাচ্চু

কালিয়াকৈরে আন্দোলনের নামে অরাজকতা চলবে না

পদ্মায় ধরা পড়ল ২৪ কেজির পাঙাশ মাছ

সানাই বাজবে: সাত পাকে বাঁধা পড়বে বট-পাকুড় গাছ

গাজীপুরে মহাসড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অতিরিক্ত পুলিশ সুপার

মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

প্রাণিসম্পদের উন্নয়নে প্রতিটি উপজেলায় হবে মোবাইল ভেটেরিনারি ক্লিনিক