হোম > সারা দেশ > ঢাকা

ঈদযাত্রায় আরিচা-পাটুরিয়া ফেরিঘাটে ভোগান্তির শঙ্কা

রফিকুল ইসলাম, শিবালয় (মানিকগঞ্জ)

ছবি: আমার দেশ

পাটুরিয়া-দৌলতদিয়ার এবং আরিচা-কাজীরহাট ফেরিঘাটগুলোর মেরামতকাজ চলছে কচ্ছপ গতিতে। ফলে ঈদুল ফিতরে উক্ত ঘাটে যাত্রী ও যানবানচালকদের ভোগান্তির আশঙ্কা করছেন ট্রাক ও বাসচালকেরা। ঈদের ছুটিতে দেশের উত্তর-দিক্ষণ ও পশ্চিমাঞ্চলের ঘরমুখী মানুষ ও যানবাহনের চাপ বাড়বে এসব ঘাটে। এমন অবস্থায় এসব ঘাটের বিভিন্ন পয়েন্টে ও সংযোগ সড়কে চলমান মেরামতকাজ দ্রুতগতিতে শেষ না হলে এবার ঈদযাত্রায় ভোগান্তিতে পড়ার আশঙ্কা রয়েছে বলে যানবাহন শ্রমিকেরা জানিয়েছেন।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, ফেরি লোড-আনলোডের জন্য মানিকগঞ্জের আরিচায় দুটি, পাটুরিয়ায় পাঁচটি, পাবনার কাজীরহাটে একটি এবং দৌলতদিয়ায় পাঁচটির মধ্যে তিনটি ফেরিঘাট ব্যবহার করা হচ্ছে ।

এসব ঘাট নদীতে পানি কমা-বাড়ার সঙ্গে বছরে তিনবার তিন স্তরে স্থানান্তর করা হয়। হাই, মিড এবং লো-ওয়াটার লেভেল নামে এসব স্থাপন করা হয়। ভরা বর্ষা মৌসুমে হাই ওয়াটার লেভেল, শুষ্ক মৌসুমের আগে নদীর পানি একটু কমলে মিড ওয়াটার লেভেল এবং শুষ্ক মৌসুমে বিশেষ করে মাঘ-ফাল্গুন মাসে পানির স্তর একেবারে নিচে নেমে যাওয়ায় ঘাটগুলোর সংযোগ সড়ক নির্মাণ করে একদম নিচে নামনো হয়, যাকে লো ওয়াটার লেভেল বলে। এতে অনেক ঘাটের সংযোগ সড়ক ঢালু ও খাড়া হয়। একদিকে ইট-খোয়া বিছানো এসব সংযোগ সড়কে গর্ত ও ধুলোবালুর সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে অনেক ঘাট। অপরদিকে এসব ঘাটে সংযোগ সড়কের মেরামতকাজ চলছে কচ্ছপগতিতে। এতে আসন্ন ঈদুল ফিতরে যাত্রীদের ভোগান্তির শঙ্কা রয়েছে বলে অনেকেই মনে করছেন।

কাজীরহাটে একমাত্র ফেরিঘাট দিয়ে ফেরিতে যানবাহন লোড-আনলোড করা হচ্ছে। ঘাটটি লো-ওয়াটার লেভেলে নামানোর পর অনেক ঢালু হওয়ায় মাঝেমধ্যেই সংযোগ সড়কের মাঝে গাড়ি বিকল হয়ে পড়ছে। এতে সময় বেশি লাগছে এবং ব্যাহত হচ্ছে ফেরি লোড-আনলোডে। এছাড়া সংযোগ সড়কে কোনো গাড়ি বিকল হলে তখন ওই ঘাট দিয়ে ফেরি লোড-আনলোড একেবারে বন্ধ থাকে। এতে স্বাভাবিক ফেরি সার্ভিস ব্যাহত হয়।

ফেরি ঘাটগুলো ঘুরে দেখা গেছে, সবগুলো ফেরি ঘাটই লো-ওয়াটার লেভেলে নামানো হয়েছে। এসব ঘাটগুলোর সংযোগ সড়কের মেরামত কাজ চলছে। আরিচা দুই নম্বর ঘাটের সংযোগ সড়ক বেশি ঢালু বা খাড়া হওয়ায় এ ঘাট দিয়ে যানবাহন ওঠানামায় চালকদের অনেক বেগ পেতে হচ্ছে।

পাটুরিয়া এবং দৌলতদিয়া ঘাটগুলোর একই অবস্থা। এছাড়া দীর্ঘদিন ধরে পাটুরিয়া এক ও ২ নম্বর ফেরিঘাট বালু ব্যবসায়ীদের দখলে রয়েছে। ৫ নম্বর ফেরিঘাট অনেক ঢালু হওয়ায় লোড-আনলোডে সমস্যা হচ্ছে। পাটুরিয়াতে শুধু ৩ ও ৪ নম্বর ঘাটটি তুলনামূলকভাবে কিছুটা ভালো রয়েছে।

রাজবাড়ীর দৌলতদিয়ায় ৩, ৪ ও ৭ নম্বর তিনটি ঘাট ব্যবহার করা হচ্ছে। এসব ঘাটের সংযোগ সড়কের অবস্থা অনেকটা খারাপ। ঘাটগুলো লো-ওয়াটার লেভেলে স্থাপনের পর ফেরি থেকে যানবাহন লোড-আনলোডে অসুবিধা হচ্ছে।

এ ব্যাপারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক সালাম হোসেন বলেছেন, পাটুরিয়া ঘাটে পাঁচটি ফেরিঘাটের মধ্যে চারটি ঘাট সচল রয়েছে। এসব ঘাট লো-ওয়াটার লেভেলে নামানোর পর সংযোগ সড়ক শ্লোপিং হচ্ছে এবং অনেক ঢালু হয়েছে। এতে গাড়িগুলো বিশেষ করে পণ্যবাহী ট্রাকগুলো ফেরি থেকে নেমে সংযোগ সড়ক হয়ে ওপরে উঠতে অনেক সময় লাগছে। এতে ফেরি লোড-আনলোডে অনেক সমস্যা হচ্ছে। তবে সামনে ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঘরমুখী মানুষের নির্বিঘ্নে যাতায়াতে আমরা পুরোপুরি প্রস্তুত রয়েছি।

বিআইডব্লিউটিএর আরিচা আঞ্চলিক কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. রবিউল আলম বলেন, ঈদকে সামনে রেখে আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়ায় ব্যবহার করা সবগুলো ফেরিঘাট প্রস্তুত রাখা হয়েছে।

আশা করছি কোনো সমস্যা হবে না। তবে যেসব গাড়ি অতিরিক্ত মালামাল বহন করছে, সেগুলো সংযোগ সড়কে উঠতে কিছুটা অসুবিধা হচ্ছে। প্রতিটি ঘাটেই স্বাভাবিক ঢাল রাখা হয়েছে, তাই কোনো অসুবিধা হওয়ার কথা নয়।

কুমিল্লায় ট্রাকের ধাক্কায় নিহত ১

পাম্পে তেল নিতে এসে ট্রাকচাপায় নিহত ২

ফিলিং স্টেশনে তেল নিতে এসে ট্রাকচাপায় প্রাণ গেল দুজনের

নারায়ণগঞ্জে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২

পদ্মার চরে যান চলাচল সহজ করলেন প্রবাসী বিএনপি নেতা

বন্দরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

রাজবাড়ীতে আলুভর্তি ট্রাক উল্টে চালক নিহত

জিয়াউর রহমান স্বাধীন সাংবাদিকতার পরিবেশ তৈরি করেছিলেন: প্রতিমন্ত্রী টুকু

নারায়ণগঞ্জে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

অবৈধভাবে মাটি কাটার খাদ দেখতে গিয়ে ট্রাকচাপায় নিহত যুবক