হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুরে মহাসড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অতিরিক্ত পুলিশ সুপার

উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি কারখানার শ্রমিকেরা। এ সময় শ্রমিক-পুলিশ সংঘর্ষে গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মো. শফিকুল ইসলামসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার নয়নপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ মিনিট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেতন বাড়ানোর দাবিতে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আশপাশের কয়েকটি কারখানার কয়েকশ শ্রমিক মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর এলাকায় অবস্থান নেন। একপর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ে। প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ থাকার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান।

এ সময় শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলামসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে বুধবার শ্রমিক পরিচয়ে কিছু বহিরাগত ব্যক্তি শ্রীপুরের কয়েকটি কারখানায় হামলা ও ভাঙচুর চালান বলে জানা গেছে। এসব ঘটনার পর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ী, বহেরারচালা ও বৈরাগীরচালা এলাকার বেশ কয়েকটি কারখানায় তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

কারখানাগুলোর দেওয়া ছুটির নোটিসে জানানো হয়েছে, আগামী শনিবার থেকে পুনরায় কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম শুরু হবে। ফলে বৃহস্পতি ও শুক্রবারসহ তিন দিনের ছুটিতে কারখানাগুলো বন্ধ থাকছে।

শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদ নিয়াজ শিশির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বেলা ১১টার দিকে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়। শ্রমিকদের ছোড়া ইটপাটকেলে পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন।

বর্তমানে নয়নপুর এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

প্রাণিসম্পদের উন্নয়নে প্রতিটি উপজেলায় হবে মোবাইল ভেটেরিনারি ক্লিনিক

গাজীপুরে পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ

ইতালিতে সড়ক দুর্ঘটনায় ভৈরবের যুবক নিহত

সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন

আন্দোলনের নামে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা করছে শ্রমিকরা: জিএমপি কমিশনার

মাদারীপুরে এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ধামরাইয়ে এসএসসির ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়

বোয়ালমারীতে ফেসবুকে পোস্ট দিয়ে বিএনপি নেতার পদত্যাগ

নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে বিএনপির বিক্ষোভ