বিএনপি ক্ষমতায় আসায় ১৭ বছর পর ভাত খেয়েছেন কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের পশ্চিম জগৎচর গ্রামে ইনু মিয়া। জীবনের ১৭টি বসন্ত তিনি শুধু কলা, রুটি, বিস্কুটসহ শুকনা খাবার খেয়েই কাটিয়েছেন।
এরআগে, ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে গিয়ে নির্যাতনের শিকার হয়ে প্রতিজ্ঞা করেছিলেন স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের পতন ও তার পছন্দের দল বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলেই তিনি ভাত খাবেন।
অবশেষে তার প্রতিজ্ঞা ভাঙনের সময় এসেছে। তার স্বপ্নপূরণ হয়েছে। সেই মহেন্দ্রেক্ষণ বাংলা নববর্ষ ১৪৩৩ সনের মঙ্গলবার পহেলা বৈশাখ। বাংলা বর্ষপঞ্জিকার প্রথম দিনে দুপুর আড়াইটার দিকে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম ইনু মিয়ার গ্রামের বাড়িতে গিয়ে আনুষ্ঠানিকভাবে নিজ হাতে তার মুখে খাবার তুলে দেন। প্রিয় নেতার হাতে প্লেটে ভাত তুলে দেওয়ার পর থেকে হাসি মুখে ভাত খাওয়া শুরু করেন ইনু মিয়া।
জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সোমবার (১২ জানুয়ারি) উপজেলার রামদী ইউনিয়নের জগৎচর পশ্চিমপাড়ায় স্থানীয় বিএনপির এক কর্মীসভায় নেতাকর্মীরা ভাত-তরকারি এনে ইনু মিয়াকে খেতে অনুরোধ করেন। তবে তিনি তা প্রত্যাখ্যান করেন।
ঐদিন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বর্তমান প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি ইনু মিয়াকে কথা দিয়েছিলেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ইনু মিয়াকে নিজ হাতে ভাত খাওয়াবেন। তার দেওয়া কথা রাখতে নির্বাচনের পর ১৪ এপ্রিল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ইনু মিয়ার প্লেটে ভাত তুলে দিয়ে ভাত খাওয়ানো শুরু করান।
ভাত খাওয়ানোর পর প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেন, যে ব্যক্তি দলকে ভালোবেসে এত বড় ত্যাগ স্বীকার করতে পারেন আমাদের উচিৎ তার পাশে থাকা। ভাত না খেয়ে বয়োবৃদ্ধ ইনু মিয়া প্রতীকী প্রতিবাদ করে গেছেন। আমরা দলীয় নেতাকর্মীরা তার যেকোনো প্রয়োজনে পাশে থাকব ইনশাল্লাহ।
তিনি প্রতিশ্রুতি দেন অচিরেই ইনু মিয়াকে একটি নতুন ঘর করে দিবেন এবং একটি বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার ব্যবস্থা করে দিবেন।
এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কিতাব আলী, সাধারণ সম্পাদক এমএ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আলমসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ।
ইনু মিয়াকে ভাত খাওয়ানোর আগে ইনু মিয়া প্রতিমন্ত্রী শরীফুল আলমের হাতে ফুলের তোড়া দিয়ে তাকে বরণ করে নেন। প্রতিমন্ত্রীও ইনু মিয়াকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান।