টাঙ্গাইলের সখিপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় রিয়াজ উদ্দিন (৭৫) ও শাহেদ (২৪) নামে দুইজনের মৃত্যু হয়েছে। রোববার তাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পরিবার ও স্থানীয় সূত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর ২টার দিকে সখিপুর-সিডস্টোর সড়কের মিলপাড় এলাকায় রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি মোটরসাইকেল পথচারী রিয়াজ উদ্দিনকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে প্রথমে টাঙ্গাইল এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। তবে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত রিয়াজ উদ্দিন উপজেলার কালিয়ানপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
অপরদিকে, সখিপুর পৌর এলাকার জেলখানা মোড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত সৌদি প্রবাসী শাহেদ (২৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত শুক্রবার সকাল ১১টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
ঢাকার উত্তরা জেনারেল হাসপাতালে দুই দিন লাইফ সাপোর্টে থাকার পর রোববার ভোরে শাহেদের মৃত্যু হয়।
পারিবারিক সূত্র জানায়, একই দিন বিকেল ৫টায় জানাজা নামাজ শেষে উপজেলার প্রতিমা বংকী গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
পৃথক এই দুই সড়ক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণ এবং সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।