ঢাকা-বরিশাল মহাসড়কে ফরিদপুরের ভাঙ্গায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত ও চারজন আহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল ৭টার দিকে উপজেলার চুমুরদী ইউনিয়নের পৃথক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে চুমুরদী বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক মানসিক ভারসাম্যহীন ভবঘুরে ব্যক্তি নিহত হয়েছেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পলাশ বিশ্বাস তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে একই সময়ে পূর্ব সদরদী এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন, নগরকান্দার তৈবুর রহমান, পাবনার রূপপুর এলাকার রাজু, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রোজি আক্তার ও নগরকান্দার রহিমা বেগম। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকেজেলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল হোসেন গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার এবং দুর্ঘটনায় জড়িত ট্রাক দুটি থানায় জব্দ করা হয়েছে। নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান।