শৈলকূপায় মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের বিরোধের জেরে সংঘর্ষে অন্তত ২২ জন আহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের উত্তর মির্জাপুর গ্রামে এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন দিন আগে বৃত্তিপাড়া-ধর্মপাড়া গ্রামের ঈদগাহের কমিটি গঠন করা হয়। ওই কমিটি গঠনকে কেন্দ্র করে স্থানীয়ভাবে এক পক্ষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার (৩ জুলাই) মসজিদ পরিচালনা কমিটির আংশিক কমিটি ঘোষণা করা হয়। শনিবার এশার নামাজের পর পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা ছিল। এ নিয়ে আগে থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
জানা যায়, শনিবার মাগরিবের ফরজ নামাজ শেষে বিএনপি নেতা ইনসান আলী বাবুর সমর্থকরা ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বিপ্লব মিয়ার সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে অন্তত ২২ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে কাঁচেরকোল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আপেল মাহমুদ গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার পর উত্তর মির্জাপুর গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানিয়েছেন, উত্তর মির্জাপুর গ্রামের মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।