বাগেরহাটের মোংলা ইপিজেডের একটি কারখানায় কর্মরত অবস্থায় মেশিনে দুর্ঘটনায় হাত বিচ্ছিন্ন হওয়া শ্রমিক গোলাম রসুলের উন্নত চিকিৎসা ও উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী ও তার স্বজনরা।
শুক্রবার সকাল ৮টায় মোংলা উপজেলার উত্তর চাঁদপাই এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দা, শ্রমিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং আহত শ্রমিকের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মোংলা ইপিজেডের গুয়াংজু সুতা কোম্পানির কারখানায় কর্মরত অবস্থায় দুর্ঘটনায় গুরুতর আহত হন শ্রমিক গোলাম রসুল। দুর্ঘটনায় তার একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়। বর্তমানে তিনি শারীরিক ও মানসিকভাবে চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন।
বক্তারা বলেন, একজন শ্রমিক কর্মস্থলে দুর্ঘটনার শিকার হয়ে স্থায়ীভাবে পঙ্গুত্ববরণ করলে তার চিকিৎসা, পুনর্বাসন ও ক্ষতিপূরণের দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই নিতে হবে। তারা আহত শ্রমিকের উন্নত চিকিৎসার ব্যবস্থা এবং উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, গোলাম রসুলের পরিবার বর্তমানে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি দুর্ঘটনার শিকার হওয়ায় তাদের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।
তারা আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে শিল্প কারখানাগুলোতে শ্রমিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে এবং কর্মস্থলে নিরাপত্তা বিধি কঠোরভাবে অনুসরণ নিশ্চিত করতে হবে।
মানববন্ধন শেষে আহত শ্রমিকের উন্নত চিকিৎসা, পুনর্বাসন এবং ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি স্মারকলিপি প্রদানের ঘোষণা দেন আয়োজকরা।
এমএইচ