জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর এলাকায় নিখোঁজ হওয়ার একদিন পর মো. ইস্তিয়াক আলী (৩৫) নামে এক যুবকের লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের সাতানিয়াপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয়রা। নিহত ইস্তিয়াক আলী ওই এলাকার মৃত সিরাজুল হকের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ইস্তিয়াক আলী দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন। সোমবার সন্ধ্যায় তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
পরদিন মঙ্গলবার সকালে তার স্ত্রী বকশীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে বিকেলে স্থানীয় লোকজন বাড়ির পাশের একটি পুকুরে ইস্তিয়াকের ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পরিবার ও স্থানীয়দের ধারণা, মৃগী রোগের কারণে রাস্তা দিয়ে যাওয়ার সময় তিনি অসুস্থ হয়ে পুকুরে পড়ে যান এবং পানিতে ডুবে মারা যান।
বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”