হোম > সারা দেশ > ময়মনসিংহ

জামিন ছাড়াই মুক্তি পাওয়া হত্যা মামলার তিন আসামি ফের গ্রেপ্তার

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে

ময়মনসিংহ অফিস

ছবি: আমার দেশ

জামিননামা ছাড়াই ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাওয়া হত্যা মামলার তিন পলাতক আসামিকে ফের গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। র‍্যাব জানায়, ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে জামিন ছাড়াই তিন আসামিকে ছেড়ে দেওয়া হয়। তবে বিষয়টি তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসন কিংবা পুলিশকে জানানো হয়নি।

বৃহস্পতিবার ঘটনার সত্যতা প্রকাশ্যে এলে দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়।

কারাগার থেকে মুক্তি পাওয়া তিন আসামি হলেন— ময়মনসিংহের তারাকান্দা থানার তারাটি এলাকার বাসিন্দা আনিস মিয়া (৩২), রাশেদুল ইসলাম (২৫) ও জাকিরুল ইসলাম (২৮)। তারা সবাই একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

র‍্যাব-১৪ ময়মনসিংহের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান বলেন, পরস্পর যোগসাজসের ভিত্তিতে তিন আসামি কারাগার থেকে পালিয়েছে— এমন ঘটনা নজরে আসে। পরে র‍্যাব-১৪-এর সিপিসি-১ ও সিপিসি-৩, টাঙ্গাইলের দুটি চৌকশ দল বুধবার রাতে টাঙ্গাইল জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করে। এর আগেও হত্যাকাণ্ডের মামলায় এই তিন আসামিকে গ্রেপ্তার করেছিল র‍্যাব।

কারা কর্তৃপক্ষ ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, এটি একটি ‘ভুল মুক্তি’ ছিল। ময়মনসিংহের সিনিয়র জেল সুপার মো. আমিনুল ইসলাম বলেন, প্রডাকশন ওয়ারেন্টকে ভুলবশত জামিননামা হিসেবে বিবেচনা করায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

ময়মনসিংহ বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, গাফিলতির দায়ে দায়িত্বপ্রাপ্ত ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে পুরো ঘটনা তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে অন্য কোনো কর্মকর্তা জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে বা ভিন্ন কোনো উদ্দেশ্যের সংশ্লিষ্টতা মিললে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে জেলা পুলিশের পক্ষ থেকে ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন বলেন, তাৎক্ষণিকভাবে অবহিত না করায় আসামিদের দ্রুত গ্রেপ্তারে জটিলতা সৃষ্টি হয়।  সময়মতো জানানো হলে আসামিদের আটক করা আরও সহজ হতো।

মেলান্দহে ছাত্রলীগ সভাপতিসহ আ.লীগের ১০ নেতাকর্মী কারাগারে

ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি ঋণ দেওয়া হবে: লুৎফুজ্জামান বাবর

জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

জামালপুরে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু

ময়মনসিংহে ধর্ষণ মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরছে

বকশীগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট নেত্রকোনায়

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহে ১১ দলের গণসংযোগ

ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু