সিরাজগঞ্জের রায়গঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মো. শান্তকে (২৫) গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার দুপুরে সিরাজগঞ্জ র্যাব-১২ এর হেডকোয়ার্টার থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে আজ সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল এলাকার সৈয়দ স্প্রিং মিলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তারকৃত মো. শান্ত রায়গঞ্জ উপজেলার পূর্ব লক্ষ্মীকোলা গ্রামের মো. বেল্লাল হোসেনের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৬ মার্চ সকালে শিশুটি প্রতিদিনের ন্যায় বিদ্যালয়ে যাওয়ার পথে একই এলাকার মো. শান্ত শিশুটিকে ফুসলিয়ে ও টাকার প্রলোভন দেখিয়ে আসামির নিজ বাড়িতে নিয়ে যায়। বাড়িতে কেউ না থাকার সুযোগে স্কুলছাত্রীকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।
এ ঘটনায় শিশুর পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকেই আসামি পলাতক ছিল। আজ সকালে তাকে গ্রেপ্তার করে র্যাব।