হোম > সারা দেশ > রংপুর

করতোয়ায় গোসল করতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

উপজেলা প্রতিনিধি, দেবীগঞ্জ (পঞ্চগড়)

পঞ্চগড়ের দেবীগঞ্জে করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর রাজু ইসলাম (১০) ও লাম্মিম হোসেন (১৩) নামে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

শুক্রবার দুপুরে উপজেলার চেংঠীহাজরা ডাঙ্গা ইউনিয়নের লক্ষীনারায়ণী বালাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিকেল ৩টার দিকে রাজুর এবং সাড়ে ৪টার দিকে লাম্মিমের মরদেহ ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা হয়।

নিহত রাজু ইসলাম উপজেলার চেংঠীহাজরা ডাঙ্গা এলাকার রাশেদ হকের ছেলে এবং লাম্মিম হোসেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বাজিতপুর এলাকার হাসিনুর রহমানের ছেলে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

জানা গেছে, রাজু ইসলাম স্থানীয় ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী এবং লাম্মিম হোসেন ফুলতলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। পারিবারিক কারণে লাম্মিম মায়ের সঙ্গে না থেকে মামার বাড়িতে থাকত এবং ছোটবেলা থেকেই তারা একসঙ্গে বড় হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের আগে তারা করতোয়া নদীতে গোসল করতে নামে। রাজু সাঁতার না জানায় সে লাম্মিমের সঙ্গে পানিতে নামে। এক পর্যায়ে রাজু পানিতে ডুবে যেতে থাকলে তাকে উদ্ধার করতে গিয়ে লাম্মিমও নদীর গভীরে তলিয়ে যায়। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে নদীর পাড়ে তাদের জুতা দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় নদীতে অনুসন্ধান চালানো হয়। বিকেল ৩টার দিকে রাজুর লাশ উদ্ধার করা হলেও তখনও লাম্মিমের সন্ধান পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় তার লাশও উদ্ধার করা হয়।

দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন অফিসার মো. মাইনুদ্দিন জানান, স্থানীয়দের সহযোগিতায় প্রথমে একজনকে উদ্ধার করা হয়, পরে তাদের দল অন্যজনের লাশ উদ্ধার করে।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, সুরতহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বাসের টিকিট কালোবাজারি করে অতিরিক্ত ভাড়া আদায়, গ্রেপ্তার ৩

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের শপথ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংহতি সভা

মাদক ব্যবসা ছাড়ো না হলে পীরগঞ্জ ছাড়ো

পীরগাছায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি

দিনাজপুরে হাজার কোটি টাকার লিচু বিক্রির আশা

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫ দোকান ভস্মীভূত

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ