রংপুরে মেডিকেল শিক্ষার্থীর মুক্তির দাবিতে সড়ক অবরোধ করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৭টা থেকে নগরীর কেন্দ্রীয় কারাগারের সামনে এ অবরোধ করা হয়। পরে পুলিশের আশ্বাস পেয়ে রাত পৌনে ১০টার দিকে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।
এতে রংপুরের সঙ্গে নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।
জানা গেছে, সোমবার সন্ধ্যা পৌনে ৬টায় নগরীর ডেন্টাল রোডে নর্থ ভিউ হোটেলের দশম তলার রুফটপ থেকে পড়ে মারা যায় রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী নুজসাত জাহান। মঙ্গলবার বিকেলে এ ঘটনায় মামলা করেন তার বাবা নজরুল ইসলাম। এতে রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী সাকিবসহ আরো চার-পাঁচজনকে আসামি করা হয়।
রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী কবির বলেন, ‘গত সোমবার নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে একটি মেয়ে পড়ে গিয়ে মারা গেছে। তার বাবার এজাহারের ভিত্তিতে আমাদের মেডিকেল কলেজের একজন শিক্ষার্থীকে পুলিশ গ্রেপ্তার করছে। এ ঘটনায় এজাহার হয়েছে। প্রমাণ তো হয় নাই সে আসলে দোষী কি না বা প্রেমঘটিত বিষয় বলে প্রচার করা হচ্ছে। যাই হোক না কেন, আমরা তো কোনো প্রমাণ পাচ্ছি না। আমরা সড়ক অবরোধ থাকা কিছু ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, তারা আমাদের দাবিগুলো শুনছে। দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে এ ঘটনার একটা রেজাল্ট দিতে চাই।’
তিনি বলেন, ‘আমাদের ক্যাম্পাস থেকে শিক্ষার্থীকে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের কোনো প্রমাণ দেওয়া হয়নি কেন তাকে নিয়ে যাওয়া হয়েছে। শুধু একটা এজহার করলে কি শিক্ষার্থীকে তুলে নিয়ে যাওয়া যায়?’
রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি ক্রাইম মাহফুজুর রহমান বলেন, নর্থ ভিউ হোটেলের উপর থেকে যে শিক্ষার্থী নিয়ত হয়েছে, সেটার লিঙ্ক থেকে শাহরিয়ার আহম্মেদ সাকিনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।
জেডএম