হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের ধুলিয়াখাল ও তেতৈয়া গ্রামের মধ্যে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে শুরু হওয়া এই সংঘর্ষে পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে মাইকিং করে লোকজনকে জড়ো করা হলে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। একপর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া ও পাল্টা ধাওয়া হয়। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ধুলিয়াখাল ও তেতৈয়া গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে।
অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শহিদুল হক মুন্সী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করেই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। তবে প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেডএম