ভাটারা নতুন বাজার সাঈদনগর এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সুমন (২০) নামে যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন রবিউল (২২) নামে তারই বন্ধু। আজ মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে।
নিহতের আহত বন্ধু রবিউল জানান, সে সুমনের মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়েছিল। তাদের মোটরসাইকেলটি ভাটারা নতুন বাজার সাঈদনগর এলাকায় ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তারা।
সেখান থেকে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর রাত ১০টায় সুমনকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন রয়েছেন রবিউল। নিহত সুমন গ্রিলের কাজ করতেন।
সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন। তিনি বলেন, লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
মৃত সুমনের গ্রামের বাড়ি নোয়াখালী সদর আজিজুল্লাপুর গ্রামে। তার বাবার নাম নুরুন্নবীর লিটন। বর্তমানে ভাটারা নতুন বাজার এলাকায় একটি মেসে থাকতেন।