কওমি মাদরাসা শিক্ষার বর্তমান পরিস্থিতি, গণমাধ্যমের ভূমিকা এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে দেশের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমকর্মীদের সঙ্গে আল-হাইআতুল উলয়া লিল-জামি ‘আতিল কওমিয়া বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টায় আল-হাইআতুল উলয়ার কার্যালয়ে বোর্ডের চেয়ারম্যান মুহিউসসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসানের নির্দেশক্রমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সূচনা বক্তব্য প্রদান করেন- আল-হাইআতুল উলয়ার সদস্য হযরত মাওলানা মাহফুজুল হক। বোর্ড সদস্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন হযরত মাওলানা মুছলেহ উদ্দিন রাজু, হযরত মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া ও মাওলানা মুফতি এনামুল হক (বসুন্ধরা) এবং আল-হাইআতুল উলয়ার অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান।
সভায় আল-হাইআতুল উলয়ার সম্মানিত সদস্যগণ কওমি মাদরাসা শিক্ষার পরিচয়, বৈশিষ্ট্য ও স্বকীয়তা এবং আল-হাইআতুল উলয়া ও এর অধীন ছয়টি শিক্ষা বোর্ডের কার্যক্রম সম্পর্কে গণমাধ্যমকর্মীদের অবহিত করেন। একই সঙ্গে সাম্প্রতিক প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়ে আল-হাইআতুল উলয়ার অবস্থান তুলে ধরেন।
সভায় আল-হাইআতুল উলয়ার সদস্যগণ জাতি গঠন, সত্য প্রতিষ্ঠা এবং জনসচেতনতা সৃষ্টিতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে কওমি মাদরাসা শিক্ষা সংশ্লিষ্ট বিষয়ে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তথ্য যাচাই, সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণ এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখার জন্য তাদের সহযোগিতা কামনা করেন।
সভায় উপস্থিত সংবাদকর্মীগণ আলোচনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে বিভিন্ন বিষয়ে জানতে চান এবং গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ প্রদান করেন। তারা এ ধরনের সৌহার্দ্যপূর্ণ আয়োজনের জন্য আল-হাইআতুল উলয়াকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
রাকিবুল ইসলাম রইস আল-হাইআতুল উলয়ার পক্ষ থেকে জানানো হয়, সঠিক ও যাচাইকৃত তথ্য দিয়ে গণমাধ্যমকে সহযোগিতা করতে আল-হাইআতুল উলয়ার দ্বার সর্বদা উন্মুক্ত। গণমাধ্যমকর্মীদের সঙ্গে এ ধরনের মতবিনিময় ও যোগাযোগের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।