হোম > রাজধানী

১৪৬ নতুন সরঞ্জাম আসছে ইউএস-বাংলায়, বিনিয়োগ ২২ মিলিয়ন ডলার

স্টাফ রিপোর্টার

গ্রাউন্ড অপারেশনের সক্ষমতা বৃদ্ধি ও যাত্রীসেবা আরও আধুনিক করতে প্রায় ২২ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২৭০ কোটি টাকা) বিনিয়োগের বড় উদ্যোগ নিয়েছে দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। ইতোমধ্যে ১২ মিলিয়ন ডলারের ঋণপত্র (এলসি) খোলা সম্পন্ন হয়েছে বলে বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি।

ইউএস-বাংলা এয়ারলাইন্স জানায়, তাদের উড়োজাহাজ বহরের পরিধি বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে ফ্লাইটের সময়ানুবর্তিতা বজায় রাখা এবং আন্তর্জাতিক মানের যাত্রীসেবা নিশ্চিত করাই এ বিশাল বিনিয়োগের প্রধান লক্ষ্য।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ইউএস-বাংলার বহরে বর্তমানে প্রায় ৫৯০টি গ্রাউন্ড সার্ভিস ইকুইপমেন্ট (জিএসই) রয়েছে। আগামী তিন থেকে চার মাসের মধ্যে এর সঙ্গে আরও ১৪৬টি সর্বাধুনিক সরঞ্জাম যুক্ত হবে। নতুন সরঞ্জামের তালিকায় রয়েছে উড়োজাহাজ টানার পুশব্যাক ট্রাক্টর ও টোবার, ব্যাগেজ বেল্ট লোডার, ব্যাগেজ ট্রাক্টর, যাত্রীদের ওঠানামার জন্য প্যাসেঞ্জার স্টেপ বা সিঁড়ি, গ্রাউন্ড পাওয়ার ইউনিট (জিপিইউ), এয়ার স্টার্ট ইউনিট, ক্যাটারিং ট্রাক এবং ওয়াটার ও ল্যাভাটরি সার্ভিস ট্রাক। এ ছাড়া র‍্যাম্পের স্বাভাবিক কাজ সম্পাদনের জন্য প্রয়োজনীয় আরও নানা প্রযুক্তিগত সরঞ্জাম আনা হচ্ছে।

পরিবেশবান্ধব উদ্যোগের অংশ হিসেবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮০টি ইলেকট্রিক ভেহিকেল (ইভি) চালানোর বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে এয়ারলাইন্সটি। সরকারের ‘ইলেকট্রিক ভেহিকেল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট পলিসি’-র সঙ্গে সামঞ্জস্য রেখে এ পরিকল্পনা নেওয়া হয়েছে জানিয়ে তারা বলে, শাহজালালে ইতোমধ্যে এসব গাড়ির জন্য চার্জিং অবকাঠামো স্থাপনের কাজ শুরু হয়েছে। প্রয়োজনীয় অবকাঠামো তৈরি হলে এসব ই-ভেহিকেল ব্যবহারের মাধ্যমে প্রথাগত জ্বালানির ওপর নির্ভরতা কমার পাশাপাশি বিমানবন্দর এলাকায় কার্বন নিঃসরণ উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে।

বিজ্ঞপ্তিতে বহর ও গন্তব্য সম্প্রসারণের তথ্য তুলে ধরে ইউএস-বাংলা জানায়, তাদের বহরে বর্তমানে ২৫টি উড়োজাহাজ রয়েছে। ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে আরও ২১টি নতুন বোয়িং ৭৩৭ সিরিজের উড়োজাহাজ যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বর্তমানে সংস্থাটি ১০টি দেশের ১৪টি আন্তর্জাতিক গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। খুব শিগগিরই এতে আরও ১৬টি নতুন আন্তর্জাতিক গন্তব্য যুক্ত করা হবে। এ ছাড়া চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরকে কেন্দ্র করে আঞ্চলিক হাব গড়ে তোলার অংশ হিসেবেও গ্রাউন্ড সাপোর্ট ইক্যুইপমেন্ট বাড়ানো হচ্ছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালসহ দেশের সার্বিক বিমানবন্দর আধুনিকায়নে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে ইউএস-বাংলা নিজেদের সার্বিক সক্ষমতা বাড়াচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এক ঘণ্টার ব্যবধানে রাজধানীর দুই স্থানে ককটেল বিস্ফোরণ

লিভার সিরোসিসে আক্রান্ত আল-আমিনের লিভার ট্রান্সপ্লান্টে প্রয়োজন ৫০-৬০ লাখ টাকা

জামায়াতের বিক্ষোভে হাড়ি-পাতিল হাতে নারীরা

আদালত প্রাঙ্গণে সাংবাদিককে হেনস্তার ঘটনায় এমআরএর নিন্দা

কদমতলীতে ট্রাকচাপায় দুই অটোরিকশাচালক নিহত

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ, পুলিশ সদস্য আহত

মিরপুরে হামলায় আহত পুলিশ সদস্যকে দেখতে হাসপাতালে ডিএমপি কমিশনার

শিল্পাঞ্চলে শ্রমিকদের নিরাপত্তায় ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোর মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

মিরপুরে কুরিয়ার সার্ভিসের সামনে জোড়া ককটেল বিস্ফোরণ, দগ্ধ ১