৩১ আগস্ট ১৫৬৯ : ভারতের ফতেহপুর সিক্রিতে জন্মগ্রহণ করেন চতুর্থ মোগল সম্রাট নূরউদ্দীন মুহাম্মদ সেলিম, যিনি সম্রাট জাহাঙ্গীর নামে পরিচিত। সম্রাট আকবর মারা যাওয়ার পরে ১৬০৫ সালে তিনি মোগল সিংহাসনে বসেন। তিনি ২২ বছর (১৬০৫ থেকে ১৬২৭ সাল পর্যন্ত) ভারত শাসন করেন। জাহাঙ্গীরের আমলে মোগল দরবারে চিত্রকলা, প্রকৃতিচিত্র ও সাহিত্যচর্চা বিশেষ সমৃদ্ধি লাভ করে। তার আত্মজীবনী ‘তুজুকে জাহাঙ্গীরি’ মোগল বাংলা-পাক-ভারতের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ সমকালীন ও প্রাথমিক উৎস।
১০ রবিউল আউয়াল ৫৪০ হিজরি (৩১ আগস্ট ১১৪৫) : আন্দালুসের (মুসলিম স্পেন) খ্যাতনামা ভূগোলবিদ, পর্যটক ও কবি ইবনে জুবায়ের জন্মগ্রহণ করেন। তার বিখ্যাত সফরনামা ‘রিহলা’-তে মক্কা, মদিনা, মিসর, সিরিয়া, ইরাকসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলের সমাজ, সংস্কৃতি ও ভূগোলের মূল্যবান বিবরণ পাওয়া যায়।
১ শাওয়াল ২৫৬ হিজরি (৩১ আগস্ট/১ সেপ্টেম্বর ৮৭০ খ্রিষ্টাব্দ) : ২৫৬ হিজরির ঈদুল ফিতরের রাতে সমরকন্দে প্রখ্যাত মুহাদ্দিস ও সহিহ বুখারির প্রণেতা ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল আল-বুখারি ইন্তেকাল করেন।
২ সেপ্টেম্বর ১৯৯৬ : ভারতের প্রখ্যাত আলেম, মুফতি ও ইসলামী চিন্তাবিদ মাহমুদ হাসান গাঙ্গুহি দক্ষিণ আফ্রিকা সফরকালে মৃত্যুবরণ করেন। তিনি মাজাহির উলুম সাহারানপুর, জামেউল উলুম কানপুর ও দারুল উলুম দেওবন্দে শিক্ষক, মুফতি ও শায়খুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করেন। হানাফি ফিকহের গুরুত্বপূর্ণ গ্রন্থ ফতোয়া মাহমুদিয়া তার উল্লেখযোগ্য অবদান। মৃত্যুর পর তাকে দক্ষিণ আফ্রিকার এলসবার্গ কবরস্থানে দাফন করা হয়।
২৫ রমজান ৬৫৮ হিজরি (৩ সেপ্টেম্বর ১২৬০) : এই দিনে মামলুক ও মঙ্গোল বাহিনীর মধ্যে ইতিহাসের বাঁকবদলে দেওয়া আইনে জালুত যুদ্ধ সংঘটিত হয়। ফিলিস্তিনের আইন জালুত প্রান্তরে সংঘটিত এই যুদ্ধে মিসরের মামলুক বাহিনীর কাছে দুর্ধর্ষ মঙ্গোলরা পরাজিত হয়। এই পরাজয়ের কারণে মঙ্গোলদের পশ্চিমমুখী অগ্রযাত্রায় বড় বাধা সৃষ্টি হয় এবং মিসর ও সিরিয়ায় মামলুকদের কর্তৃত্ব সুদৃঢ় হয়।
গ্রন্থনা : ইতিহাস ঐতিহ্য টিম